রাজনীতিরাজ্য

হাসপাতালে ভর্তি বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অসুস্থতা ঘিরে উদ্বেগ রাজনৈতিক মহলে

বিজেপি সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শনিবার রাতে আচমকাই হাসপাতালে ভর্তি করা হয়। বাড়িতে হঠাৎ পেটে তীব্র যন্ত্রণা ও পরপর বমির পরিপ্রেক্ষিতে তাঁকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গেল আইসিইউ-তে চিকিৎসাধীন, মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

হাসপাতাল সূত্রে খবর, সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, বয়সজনিত শারীরিক সমস্যা এবং অতিরিক্ত গরমের কারণে এই শারীরিক ভোগান্তি দেখা দিতে পারে। তবে পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলছেন না চিকিৎসকরা।

জানা গিয়েছে, অভিজিৎবাবুর বয়স বর্তমানে ৬২ বছর। সাম্প্রতিক অতীতে টানা দৌড়ঝাঁপ এবং গ্রীষ্মের প্রখর দাবদাহের কারণে তিনি কিছুটা দুর্বলতা অনুভব করছিলেন। তার মধ্যেই তমলুকের সাংসদ হিসেবে দায়িত্ব পালন ও কলকাতায় দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নেওয়ার ফলে শারীরিক ধকল আরও বেড়েছে বলে ঘনিষ্ঠ মহলের অনুমান।

প্রসঙ্গত, বিচারপতির পদ ছেড়ে লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটে জিতে তমলুকের সাংসদ নির্বাচিত হন তিনি। তাঁর আচমকা অসুস্থতা ঘিরে চিন্তিত দলের নেতা-কর্মীরা। ইতিমধ্যেই একাধিক বিজেপি নেতা হাসপাতলে পৌঁছে তাঁর খোঁজখবর নিয়েছেন।
সাংসদের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা জানিয়েছেন অনুগামীরাও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.