বিধানসভা নির্বাচন ২০২৬-র আগে রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে তুঙ্গে উঠছে। আর তারই মধ্যমণি হয়ে উঠছে শহিদ দিবসের মঞ্চ—২১ জুলাই। সেই প্রস্তুতিতে এবার ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের অন্দরে চলছে হাই ভোল্টেজ বৈঠক। শনিবার রাজ্য সভাপতি সুব্রত বক্সির ডাকে বসছে বিশেষ রণকৌশল বৈঠক, যেখানে হাজির থাকছেন দলের জেলা সভাপতি, চেয়ারম্যান এবং কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্যরা।
এই বৈঠক শুধু শহিদ স্মরণ নয়, একপ্রকার নির্বাচনী লড়াইয়ের খসড়া বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ নজর বীরভূমের দিকে। অনুব্রত মণ্ডলের কলকাতা আগমন সেই ইঙ্গিতই দিচ্ছে। একইসঙ্গে উত্তরবঙ্গ-সহ দূর জেলার নেতারাও আগে থেকেই প্রস্তুতি সারতে পৌঁছে গিয়েছেন কলকাতায়।
গাইডলাইনের উপর জোর দিচ্ছে তৃণমূল। রাজ্য কমিটির অনুমোদিত সিডি অনুযায়ী পোস্টার-ব্যানার তৈরির নির্দেশ স্পষ্ট—কোনও ব্যক্তিনির্ভর প্রচার নয়, শুধুমাত্র দলীয় ব্যানারে হবে প্রচার। ছাত্র, যুব, মহিলা—সব শাখা সংগঠনকে বার্তা দেওয়া হয়েছে সর্বশক্তি দিয়ে ‘ধর্মতলা চলো’ কর্মসূচিকে সফল করতে।
২১ জুলাইয়ের মঞ্চ থেকেই ভোট-রূপরেখা ঘোষণার সম্ভাবনা প্রবল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ ঘিরে তাই রয়েছে তীব্র কৌতূহল। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। থাকার-খাওয়ার বন্দোবস্ত থেকে শুরু করে হাওড়া-শিয়ালদহে স্পেশাল কাউন্টার—সব আয়োজন সেরে ফেলেছে দল।
এই বৈঠক থেকে মিলবে দলীয় গেমপ্ল্যানের স্পষ্ট বার্তা—তৃণমূল যে এবার ভোট যুদ্ধের জন্য প্রস্তুত, তা আর বলার অপেক্ষা রাখে না।







