ডায়মন্ড হারবারে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ প্রতিরোধে প্রণীত PC & PNDT Act লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার জেলা পুলিশ তিনটি বেসরকারি হাসপাতালে তল্লাশি চালিয়ে একাধিক আল্ট্রাসোনোগ্রাফি (ইউএসজি) এবং এক্স-রে মেশিন বাজেয়াপ্ত ও সিল করে দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে, সংশ্লিষ্ট স্বাস্থ্য শিবিরে প্রয়োজনীয় সরকারি অনুমতি ছাড়াই বিভিন্ন হাসপাতাল থেকে আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে মেশিন নিয়ে গিয়ে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ। এরপরই তদন্তকারী দল একযোগে একাধিক হাসপাতালে অভিযান চালায়।
তদন্তের আওতায় আসে জগন্নাথ গুপ্তা মেডিক্যাল কলেজ, সরার হাট নার্সিং হোম এবং ডায়মন্ড হারবারের কপাটহাট এলাকার ডিএমআরআই হাসপাতাল। এই তিন প্রতিষ্ঠান থেকেই সংশ্লিষ্ট মেশিনগুলি সিল ও বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনায় খোকন বেহেরা নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এলাকার দুই প্রাক্তন কাউন্সিলরকেও তদন্তের স্বার্থে তলব করা হয়েছে। এই মেশিনগুলি কীভাবে এবং কার নির্দেশে স্বাস্থ্য শিবিরে পৌঁছেছিল, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশের দাবি, ১৯৯৪ সালের PC & PNDT Act-এ নির্ধারিত নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে তদন্ত এখনও চলছে এবং সমস্ত তথ্য-প্রমাণ সংগ্রহের পরই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্তে আর কারও নাম সামনে আসে কি না এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়, সেদিকেই এখন নজর রয়েছে।







