দেশজুড়ে ডাক্তারি পড়ার প্রবেশিকা পরীক্ষা NEET-UG ঘিরে বড়সড় বিতর্ক। প্রশ্নফাঁসের গুরুতর অভিযোগ উঠতেই বাতিল করে দেওয়া হল এবারের নিট ইউজি পরীক্ষা। নতুন করে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। গোটা ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছে সিবিআই-কে।
গত ৩ মে দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছিল নিট ইউজি পরীক্ষা। প্রায় ২৩ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। কিন্তু পরীক্ষার পর থেকেই একাধিক রাজ্যে প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসে। বিশেষ করে রাজস্থানের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তদন্তকারীদের দাবি, পরীক্ষার প্রায় এক মাস আগেই কিছু পড়ুয়ার হাতে পৌঁছে গিয়েছিল একটি ‘সম্ভাব্য প্রশ্নপত্র’।
রাজস্থানের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল বিশাল বনশন জানিয়েছেন, ওই সম্ভাব্য প্রশ্নপত্রে মোট ৪১০টি প্রশ্ন ছিল। পরীক্ষার পর দেখা যায়, তার মধ্যে ১২০টি রসায়নের প্রশ্ন আসল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। শুধু প্রশ্নই নয়, উত্তর বিকল্পও এক ছিল বলে অভিযোগ। অন্য একটি সূত্রের দাবি, সম্ভাব্য প্রশ্নপত্রের ২৮১টি প্রশ্নের মধ্যে ১৩৫টি প্রশ্ন আসল পরীক্ষার সঙ্গে মিলে গিয়েছে।
এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi। বিরোধীদের চাপের মধ্যেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন পরীক্ষার দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করবে National Testing Agency। এখন প্রশ্ন— দেশের সবচেয়ে বড় প্রবেশিকা পরীক্ষার নিরাপত্তা নিয়ে এত বড় গাফিলতি কীভাবে হল?







