কলকাতা

আমতলায় অভিষেকের কার্যালয়ে প্রশাসনের কড়া পদক্ষেপ, ভাঙার প্রস্তুতি ঘিরে জোর জল্পনা

শনিবার সকাল থেকেই ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নতুন করে বাড়ল চাপ। বৈধ নির্মাণ পরিকল্পনা ও প্রয়োজনীয় নথি ছাড়াই আমতলায় তাঁর কার্যালয় তৈরি হয়েছে বলে অভিযোগ তুলে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কার্যালয়ের চারপাশে গার্ডরেল বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩০ জুন দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম নোটিস পাঠানো হয়। পরে ৭ জুলাই আরও একটি নোটিস দেওয়া হয় কার্যালয়ে। পাশাপাশি ১৫ জুলাই জেলা প্রশাসনের দপ্তরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। তবে অভিযোগ, কোনও নোটিসেরই জবাব দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই শনিবার সকালে প্রশাসন বড় পদক্ষেপের পথে হাঁটে।

সূত্রের খবর, বৈধ বিল্ডিং প্ল্যান ও অনুমোদিত নথি ছাড়াই কার্যালয়টি নির্মিত হয়েছে বলে প্রশাসনের দাবি। নোটিসে আরও উল্লেখ করা হয়েছে, যে জমির উপর কার্যালয়টি গড়ে উঠেছে, সেটি ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নামে কেনা হয়েছিল এবং সেই সংক্রান্ত নথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। পরপর দু’টি নোটিসের কোনও উত্তর না মেলায় প্রশাসন কার্যালয়টি ভেঙে ফেলার প্রস্তুতি শুরু করেছে বলে জানা গিয়েছে।

যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিক, জেলা প্রশাসনের কর্তারা এবং দমকলের কর্মীরাও।

উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট ও কালীঘাট রোডের দুটি ঠিকানায়ও বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস পাঠিয়েছিল কলকাতা পুরসভা। ওই নোটিসের মাধ্যমে তাঁর কাছে ব্যাখ্যাও চাওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.