কলকাতা

রাজারহাটে বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, বাড়ির ভিতরে মিলল বোমার মজুতের ইঙ্গিত

উত্তর ২৪ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর এলাকার সুপারি বাগানে শনিবার ভোররাতে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতায় তিনতলা একটি বাড়ির একতলার দেওয়াল, দরজা ও জানালার বড় অংশ ভেঙে যায়। ক্ষতিগ্রস্ত হয় বাড়ির অন্যান্য অংশও। বিকট শব্দে ঘুম ভেঙে যায় আশপাশের বাসিন্দাদের, আতঙ্কে অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

স্থানীয়দের দাবি, কয়েক দিন আগেই একটি পরিবার ওই বাড়িতে ভাড়াটে হিসেবে ওঠে। ঘটনার সময় আচমকাই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় অন্তত একজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বাড়ির ভিতরে একাধিক তাজা বোমা সদৃশ বস্তু ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং শুরু হয় তল্লাশি অভিযান। খবর পেয়ে বোমা নিষ্ক্রিয়করণ দল ও ফরেন্সিক বিশেষজ্ঞদেরও ঘটনাস্থলে ডাকা হয়।

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির ভিতরে বিপুল পরিমাণ বিস্ফোরক বা বোমা মজুত ছিল। সেগুলিরই বিস্ফোরণ থেকে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এর পিছনে কোনও বড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। এলাকার বাসিন্দাদের বয়ান সংগ্রহের পাশাপাশি বিভিন্ন দিক খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.