কলকাতা

হকার উচ্ছেদে আপাতত ব্রেক, ৩১ জুন পর্যন্ত রেলের অভিযানে স্থগিতাদেশ হাইকোর্টের

বিগত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে অবৈধ দখলমুক্ত করতে জোরদার অভিযান চালাচ্ছিল রেল কর্তৃপক্ষ। বুলডোজার দিয়ে একের পর এক স্টেশনে হকারদের দোকান ভেঙে ফেলা হচ্ছিল। জীবিকা হারানোর আশঙ্কায় এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা বহু হকার।

বুধবার (১৭ জুন) বালিগঞ্জ, যাদবপুর, বনগাঁ-সহ ২৫টি রেল স্টেশনের হকার উচ্ছেদ সংক্রান্ত মামলার একত্রে শুনানি হয় কলকাতা হাইকোর্টে। সেই শুনানিতেই হকারদের বড় স্বস্তি দিয়ে আদালত আগামী ৩১ জুন পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে।

বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, যেসব হকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁদের ৩১ জুনের আগে জোর করে সরানো যাবে না। পাশাপাশি আদালত জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকা সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে রেল কর্তৃপক্ষকে।

রেলের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বালিগঞ্জ, বামনগাছি, বারুইপুর, ডানকুনি, গুমা, বনগাঁ, দুর্গানগর, মথুরাপুর ও যাদবপুর-সহ মোট ২৫টি স্টেশনের হকাররা আদালতের শরণাপন্ন হন। মামলাকারীদের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আইনজীবী ফিরদৌস শামিম। তাঁদের বক্তব্যের ভিত্তিতেই আপাতত রেলের উচ্ছেদ অভিযানে রাশ টানে আদালত।

শুনানির সময় বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য রেলের জমি পুনরুদ্ধার সংক্রান্ত আইনি প্রক্রিয়া নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। তিনি জানান, যাঁদের আগে স্টেশন চত্বরে ব্যবসা করার অনুমতি দেওয়া হয়েছিল, তাঁদের উচ্ছেদের আগে যথাযথ আইনি নোটিস দিতে হবে। পাশাপাশি পুনর্বাসনের কোনও সম্ভাবনা রয়েছে কি না, সেটিও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করে আদালতকে জানাতে হবে রেলকে।

মামলাকারীদের পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন, “যেভাবে উচ্ছেদ করা হচ্ছে, তাতে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। জীবিকা ও জীবনধারণের অধিকার কোনও সরকারই কেড়ে নিতে পারে না।” যদিও বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, রেলের জমি বা প্ল্যাটফর্ম দখল করে ব্যবসা চললে রেল কি সেই জায়গা উদ্ধার করতে পারবে না?

অন্যদিকে, হকারদের দাবি, অনেকের বৈধ লাইসেন্স থাকা সত্ত্বেও শুধুমাত্র যাত্রীদের অভিযোগের ভিত্তিতে উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি স্টেশন এলাকা থেকে দূরে বসা ব্যবসায়ীদেরও সরিয়ে দেওয়া হচ্ছে। জবাবে রেলের আইনজীবী জানান, জমির মূল্য জমা দেওয়ার জন্য বহু আগে নোটিস দেওয়া হয়েছিল, কিন্তু সেই শর্ত পূরণ হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ৩১ জুন পর্যন্ত কোনও উচ্ছেদমূলক পদক্ষেপ নেওয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.