এবার বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় গ্রেফতার করল সিআইডি নেপাল থেকে অভিযুক্ত সিয়ামকে। ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। সাংসদ খুনের ঘটনার তদন্তে নেমে প্রথমে উঠে আসে সিয়ামের নাম। জানা যাচ্ছে, সাংসদ খুন ও দেহ লোপাটের সঙ্গে যুক্ত ছিল সিয়াম।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানের সূত্রে জানা যায়,কলকাতায় সিআইডি বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজীম হত্যামামলার তদন্ত করছে।
বর্তমানে তাদের কাছে দুজন অভিযুক্ত রয়েছেন। একজনকে গ্রেফতার করা হয়েছে নেপাল থেকে এবং অন্যজনকে আগেই গ্রেফতার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, নেপাল থেকে গ্রেফতার হওয়া আসামির নাম সিয়াম হোসেন। এর আগে জিয়াদ হাওলাদারকে গ্রেফতার করেছিল সিআইডি আধিকারিকেরা।এই জিয়াদকে জিজ্ঞাসাবাদ সূত্রেই সিয়ামের কথা জানতে পারেন তদন্তকারীরা। এরপরই তাঁকে ধরতে তৎপরতা শুরু করেন সিআইডি আধিকারিকরা।
পাশপাশি জানা গিয়েছে, বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় দেহ টুকরো টুকরো করা থেকে শুরু করে দেহ লোপাটের মতো পুরো কাজেই যুক্ত ছিলেন এই সিয়াম। নিউটাউনের হোটেল থেকে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেখানেও দেখা যায় সিয়ানকে। ইতিমধ্যে এই ঘটনায় বাংলাদেশ পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। তদন্তের সময় বাংলাদেশ পুলিশের সঙ্গেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন সিআইডি আধিকারিকরা। ভিডিও কলের মারফত বাংলাদেশে ধৃত তিন জনকে জিজ্ঞাসাবাদ করে সিয়ামের কথা জানতে পারেন তারা। এবার সিয়ামকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদপর্ব শুরু করবেন সিআইডি।







