পঞ্চম শ্রেণির এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
ওই নাবালিকার পরিবারের অভিযোগ, তাদের বাড়ির পাশে একটি বেসরকারি সংস্থার নির্মাণকাজ চলছে। সেই নির্মাণকাজেরই এক শ্রমিক ওই নাবালিকা ছাত্রীকে সোমবার চকোলেট বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে দূরে ডেকে নিয়ে যায়। তারপরেই জোর করে তাকে ধর্ষণ করে। গতকাল ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে এবং ওষুধ খেতে গেলে বাড়ির লোকের সন্দেহ হয়। তখন তাকে জিজ্ঞাসাবাদ করায় ধর্ষণের ঘটনাটি সকলের সামনে আসে। এদিকে পরিজনদের দাবি ওই নাবালিকা ভয়ে কাউকে কিছু জানাতে পারেনি।
এদিকে গতকাল রাতে ওই ছাত্রীর পরিবার রায়গঞ্জ থানার দারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নেমে অনেক রাতে পুলিস অভিযুক্তকে আটক করে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিস।







