শুক্রবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে ডিএ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্নার সময় কমানোর বিষয়ে জানায়, নবান্ন বাসস্ট্যান্ডে ৪৮ ঘণ্টা ধর্না কর্মসূচি করা যাবে। শনিবার বিকেলে উঠে যেতে হবে।
শুক্রবার শুনানিপর্বে প্রধান বিচারপতির পর্যবেক্ষণে— মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। তার পরেও কেন ধর্না, সে প্রশ্নও তোলেন তিনি। রাজ্য সরকারের আইনজীবী কিশোর দত্ত তখন বলেন, ”আন্দোলনকারীরা তাতে খুশি নন। তাই তাঁরা রাত থেকে ধর্না কর্মসূচি শুরু করেছেন।”
এ নিয়ে রাজ্যের পক্ষে আপত্তি তুলে জানানো হয়, নবান্ন রাজ্যের প্রধান প্রশাসনিক কার্যালয়। বিচারপতি মান্থা তখন প্রশ্ন তোলেন, রেড রোডে বা যেখানে ১৪৪ ধারা জারি, সেখানে রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হলে, এখানে নয় কেন? এর পর রাজ্যের তরফে বিচারপতি মান্থার ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি শিবজ্ঞানমের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছিল।







