রাজনীতি

খড়গপুরে তৃণমূলে বড় ধাক্কা! জেলা সম্পাদকের দায়িত্ব পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দল ছাড়লেন প্রদীপ সরকার, বিজেপি জল্পনা তুঙ্গে

খড়গপুরের রাজনৈতিক মহলে ফের বড়সড় চাঞ্চল্য। জেলা সম্পাদকের দায়িত্ব পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার। তাঁর এই সিদ্ধান্তকে ঘিরে রেলশহরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা—তবে কি এবার বিজেপির দিকে পা বাড়াচ্ছেন তিনি?

২০২১ সালের বিধানসভা নির্বাচনে খড়গপুর সদর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন প্রদীপ সরকার। তবে ২০২৬ সালের নির্বাচনে একই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি নেতা দিলীপ ঘোষের কাছে পরাজিত হন তিনি। এরপর মঙ্গলবার তৃণমূল নেতৃত্ব তাঁকে জেলা সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়। কিন্তু সেই দায়িত্ব গ্রহণ না করেই বুধবার দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সম্পাদক চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে চিঠি পাঠান প্রদীপ।

চিঠিতে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন। যদিও কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেননি। এ প্রসঙ্গে প্রদীপ সরকারের বক্তব্য, “আমি সাধারণ নাগরিক এবং একজন কাউন্সিলর হিসেবেই থাকছি। মানুষের পরিষেবা দিয়ে যাব।”

তবে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ নিয়ে জল্পনা আরও বেড়েছে একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি বলেন, “আমার পরিচিত বন্ধুদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।” পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রদীপ বলেন, “শুভেন্দু অধিকারীর হাত ধরেই আমি খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছিলাম।”

এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা, প্রদীপ সরকারের ভবিষ্যৎ গন্তব্য বিজেপি হতে পারে। যদিও এ বিষয়ে তিনি এখনও স্পষ্ট করে কিছু জানাননি। তাঁর পদত্যাগে খড়গপুরে তৃণমূলের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.