কলকাতারাজ্য

মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বাজারে টাস্ক ফোর্সের নজরদারি অভিযান

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতার বিভিন্ন বাজারে লাগাতার নজরদারি চালাচ্ছে টাস্ক ফোর্স ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। মঙ্গলবার সকাল ১০:৩০ নাগাদ মানিকতলা বাজারে যৌথভাবে অভিযান চালান ইবি ও টাস্ক ফোর্সের সদস্যরা। সবজি, মাছ, ডিম ও মসলার দোকানগুলি ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন তাঁরা।

পরিদর্শন চলাকালীন দেখা যায়, টাস্ক ফোর্সের উপস্থিতিতে বিক্রেতারা নির্ধারিত মূল্যে জিনিস বিক্রি করলেও, অভিযান শেষ হলেই অনেক সময় দাম বেড়ে যায়। এই প্রবণতা রুখতেই টাস্ক ফোর্সের সদস্যরা নিয়মিত বাজার ঘুরে মূল্য যাচাই করছেন।

টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, যুদ্ধ পরিস্থিতির জন্য গত ৮ মে মুখ্যমন্ত্রী বাজারের উপরে বিশেষ নজরদারির নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই এই পরিদর্শন চলছে, যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে বাজারের মূল্য না চলে যায়।

টাস্ক ফোর্সের আরেক সদস্য কমল দে বলেন, অভিযানের উদ্দেশ্য কোনও ব্যবসায়ীর উপর চাপ সৃষ্টি করা নয়, বরং ক্রেতাদের স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে রাখা। তাঁর দাবি, নিয়মিত পরিদর্শনের ফলে মূল্যবৃদ্ধি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।

মানিকতলা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদকও জানান, ব্যবসায়ী ও ইবি যৌথভাবে বাজারে মূল্য নিয়ন্ত্রণে সচেষ্ট। তাই অন্যান্য বাজারের তুলনায় মানিকতলায় দাম তুলনামূলকভাবে স্থিতিশীল।

এদিন মানিকতলার পর বাগমারী বাজারও পরিদর্শন করেন ইবি ও টাস্ক ফোর্সের আধিকারিকরা। এই অভিযান আগামী দিনেও চালু থাকবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.