কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যজুড়ে দলীয় কর্মিসভার মাধ্যমে বিজেপিকে চাঙ্গা করার প্রচেষ্টা চালাচ্ছেন অভিনেতা তথা দলের রাজ্য নেতামণ্ডলীর সদস্য মিঠুন চক্রবর্তী। তবে শুক্রবার আরামবাগে দলের সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নে উত্তেজিত হয়ে পড়েন তিনি। প্রশ্ন ছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রতিক্রিয়া নিয়ে। প্রশ্ন শুনেই রেগে গিয়ে সাংবাদিকের বুম ছুড়ে ফেলার উপক্রম করেন ‘মহাগুরু’।
প্রত্যুত্তরে মিঠুন বলেন, “এই লোকটার নাম নিলে এখানে থাকবেন না।” পাশাপাশি কুণাল ঘোষকে ‘পচা নর্দমা’ বলেও আক্রমণ করেন তিনি। যদিও পরে সাংবাদিকদের সঙ্গে শান্তভাবে কথা বলেন এবং সংবাদ সম্মেলন শেষ করেন।
তবে এই আচরণ ঘিরে প্রশ্ন উঠেছে রাজনীতির শিষ্টাচার নিয়ে। একজন জনপ্রিয় তারকা ও রাজনীতিক হিসেবে এমন প্রতিক্রিয়া কতটা গ্রহণযোগ্য, তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
কুণাল ঘোষের কটাক্ষ: “গরমে গরম মাফলার-জোব্বা পরে ঘোরাফেরা করলে মাথার তার কাটা খুব স্বাভাবিক”
ঘটনার জবাবে কুণাল ঘোষ বলেন, “সাংবাদিকরা প্রশ্ন করতেই পারেন। সেটা আমার পছন্দ হতে পারে, না-ও পারে। জবাব দেব কিনা, সেটাও আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বুম ফেলে দেওয়া কখনই শোভনীয় নয়। এসব তার কেটে গেলে হয়।”
এর আগের দিন, অর্থাৎ বৃহস্পতিবার, কলকাতার জোড়াসাঁকো ও টালিগঞ্জে পৃথক কর্মিসভা করেন মিঠুন। সেখানেও তিনি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন।
ভিতরের কোন্দল, নেতিবাচক মনোভাবের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্য বিজেপি-র অন্দরে ঘরোয়া কোন্দল ও সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে না পারায় বারবার নির্বাচনে হতাশাজনক ফল এসেছে। এমন প্রেক্ষাপটে মিঠুনের মতো চেনা মুখকে সামনে এনে দলীয় কর্মীদের চাঙ্গা করতে চাইছে বিজেপি। কিন্তু বিতর্কিত মন্তব্য ও সাংবাদিকদের প্রতি এমন আচরণ সেই প্রচেষ্টায় জল ঢেলে দিতে পারে বলেই মনে করছেন অনেকে।







