স্বাস্থ্য

খেলতে খেলতে গিলে ফেলেছিল ভাঙা ব্লেড! এসএসকেএমে মাত্র ২ টাকায় জটিল অস্ত্রোপচার করে প্রাণ বাঁচল ১০ মাসের শিশুর

মৃত্যুর মুখ থেকে কার্যত ফিরে এল একরত্তি। খেলতে খেলতে অসাবধানতাবশত ভাঙা ব্লেড গিলে ফেলেছিল মাত্র ১০ মাসের এক শিশু। ধারালো ব্লেডটি গিয়ে আটকে যায় তার পাকস্থলীতে। তৈরি হয় বড়সড় বিপদের আশঙ্কা। শেষ পর্যন্ত কলকাতার এসএসকেএম হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটিকে বিপন্মুক্ত করলেন চিকিৎসকরা। বেসরকারি হাসপাতালে যে অস্ত্রোপচারের জন্য বিপুল টাকা খরচ হতে পারত, সরকারি হাসপাতালে সেই চিকিৎসাই হল মাত্র দু’টাকার বিনিময়ে।

দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই শিশুকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। প্রথমে গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের চিকিৎসকরা এন্ডোস্কোপির মাধ্যমে ব্লেডটি বের করার চেষ্টা করেন। কিন্তু সেটি পাকস্থলীর ভিতরে গেঁথে যাওয়ায় সেই চেষ্টা সফল হয়নি। এরপর দায়িত্ব নেন হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।

শিশু শল্য বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. সুজয় পালের নেতৃত্বে শুরু হয় অস্ত্রোপচার। তাঁর সঙ্গে ছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. অরিন্দম ঘোষ ও ডা. বিদিশা বোস এবং রেসিডেন্ট চিকিৎসক ডা. ঋজু মণ্ডল। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় অত্যন্ত দক্ষতার সঙ্গে শিশুটির শরীর থেকে ধারালো ব্লেডটি বের করে আনেন তাঁরা।

কীভাবে এমন বিপদের মুখে পড়ল শিশুটি? চিকিৎসক ডা. সুজয় পাল জানিয়েছেন, খেলতে খেলতে অসাবধানতাবশত ভাঙা ব্লেডের একটি অংশ মুখে দিয়েছিল শিশুটি। এরপর সেটি গিলে ফেলে। ধারালো বস্তুটি পাকস্থলীতে আটকে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিরাপদে ব্লেডটি বের করে আনা। কারণ, ধারালো কোনও বস্তু খাদ্যনালী বা পাকস্থলী থেকে বের করার সময় ভিতরের নরম অংশে আঘাত লাগার আশঙ্কা থাকে। এমনকী গুরুত্বপূর্ণ অঙ্গে ছিদ্র তৈরি হয়ে গুরুতর শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে অস্ত্রোপচার সম্পন্ন করেন পেডিয়াট্রিক সার্জারি বিভাগের চিকিৎসকরা।

অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত চিকিৎসক দল রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে। ডা. সুজয় পালের বক্তব্য, সরকারি হাসপাতালে প্রতিদিনই বহু প্রান্তিক ও সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসেন। তাঁদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সরকারি হাসপাতালের পরিকাঠামো আরও আধুনিক করার পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থাও করা হচ্ছে। এই অস্ত্রোপচারে অ্যানাস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. অঞ্জন চট্টোপাধ্যায়।

পাশাপাশি অভিভাবকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছেন ডা. সুজয় পাল। তাঁর পরামর্শ, ছোট শিশুদের নাগালের মধ্যে কখনও ব্লেড, ছুরি, কাঁচি, পেরেক কিংবা অন্য কোনও ধারালো জিনিস রাখা উচিত নয়। কারণ, শিশুরা খেলতে খেলতেই অজান্তে বিভিন্ন জিনিস মুখে দিয়ে ফেলে। তাই বাড়িতে শিশুদের আশপাশে কী ধরনের জিনিসপত্র রয়েছে, সে বিষয়ে অভিভাবকদের সবসময় সতর্ক থাকা জরুরি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.