ঘোষণার পরপরই দ্রুত বাস্তবায়নের পথে হাঁটল রাজ্য সরকার। বাংলায় রাজনৈতিক হিংসায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার রাজ্য সরকারের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা ও আবেদনপত্র প্রকাশ করা হয়েছে এবং মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে আবেদন গ্রহণের কাজ, যা চলবে আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। সরকারি নির্দেশিকা অনুযায়ী, ২০০১ সাল থেকে অর্থাৎ গত ২৫ বছরে পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা বা লোকসভা নির্বাচন এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের একজন সদস্য রাজ্য সরকারের গ্রুপ-ডি পদের এই স্থায়ী চাকরির জন্য আবেদন জানাতে পারবেন,।
এই বিশেষ সুবিধার আওতায় নিহত ব্যক্তির স্ত্রী বা স্বামী এবং সন্তানরা (দত্তক ও তৃতীয় লিঙ্গভুক্ত সন্তানসহ) আবেদন করার সুযোগ পাবেন। নিহত ব্যক্তি অবিবাহিত হলে তাঁর আয়ের ওপর নির্ভরশীল ভাই বা অবিবাহিত বোনও আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করা হয়েছে; যেমন আবেদনকারীর পরিবারের মাসিক আয় কোনোভাবেই ৫০ হাজার টাকার বেশি হওয়া চলবে না এবং এর প্রমাণ হিসেবে বিডিও বা মহকুমাশাসকের দেওয়া আয়ের শংসাপত্র জমা দিতে হবে। এছাড়াও পরিবারে পূর্বে কেউ এই ঘটনায় চাকরি পেয়ে থাকলে কিংবা পরিবারের কোনো সদস্য নিয়মিত সরকারি চাকরিজীবী বা আয়করদাতা হলে তাঁরা এই সুবিধার যোগ্য বলে বিবেচিত হবেন না।
পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে জেলাশাসকের কাছে নির্দিষ্ট নিয়ম মেনে মোট চার ধরনের ফর্ম (‘ফর্ম এ, বি, সি এবং ডি’) পূরণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রথম পর্যায়ে ‘ফর্ম এ’-তে মৃত ব্যক্তির রাজনৈতিক পরিচয়, মৃত্যুর কারণ, ডেথ সার্টিফিকেট, থানার এফআইআর বা আদালতের মামলার বিবরণের পাশাপাশি আবেদনকারীর নিজস্ব ও পারিবারিক তথ্য জমা দিতে হবে। জেলাশাসক কোনো আবেদন খারিজ করলে আবেদনকারী ৩০ দিনের মধ্যে ‘ফর্ম বি’ পূরণ করে রাজ্য স্তরের কমিটির কাছে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। চাকরি নিশ্চিত হওয়ার পর ‘ফর্ম সি’-তে পরিবারের অন্যান্য নির্ভরশীল সদস্যদের সম্মতিপত্র এবং তাঁদের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার লিখিত অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক, যা ভঙ্গ করলে পরবর্তীকালে চাকরি বাতিল হতে পারে। সবশেষে ‘ফর্ম ডি’-তে প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হলফনামা দিয়ে সমস্ত তথ্যের সত্যতা ও পরিবারের অনাপত্তির বিষয়টি নিশ্চিত করতে হবে। আবেদন জমা পড়ার পর জেলাশাসকের নেতৃত্বাধীন স্ক্রিনিং কমিটি এবং পুলিশের পুঙ্খানুপুঙ্খ যাচাইকরণের পরই যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।







