এবার আর শুধু চক-ডাস্টার নয়, শিক্ষকদের হাতে উঠবে প্রাথমিক চিকিৎসার পাঠও। স্কুলে পড়ুয়াদের দুর্ঘটনা বা চোট-আঘাত লাগলে যাতে দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা যায়, সেই লক্ষ্যেই বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। তৈরি করা হয়েছে পৃথক সিলেবাস। এই প্রশিক্ষণের মাধ্যমে স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই আহত পড়ুয়াদের প্রাথমিক শুশ্রূষা করবেন। প্রয়োজনে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পড়ুয়াকে কিছুটা স্থিতিশীল করার পর তাঁকে নিয়ে যাওয়া হবে নিকটবর্তী হাসপাতালে। রাজ্যজুড়ে শুরু হল নতুন কর্মসূচি ‘আরোগ্য চেতনা’।
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই উদ্যোগে সরকারের সহযোগী হিসেবে থাকছে সি কে বিড়লা হাসপাতাল সিএমআরআই। সমতল থেকে পাহাড়, রাজ্যের প্রতিটি সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পেয়েছে এই হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্প্রতি স্কুলে পড়ুয়াদের দুর্ঘটনায় আহত হওয়ার একাধিক ঘটনা সামনে এসেছে। বুধবার দমদমের একটি স্কুলে চারতলা থেকে পড়ে গুরুতর জখম হয়েছে এক ছাত্র। আবার সাউথ পয়েন্ট স্কুলেও সহপাঠীর পেনসিল কাটার ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছিল এক পড়ুয়া। এই ধরনের ঘটনায় চিকিৎসা শুরু করতে দেরি হওয়ার অভিযোগ তুলেছিলেন অভিভাবকরা। নতুন উদ্যোগের ফলে এবার স্কুলের মধ্যেই দ্রুত প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
সি কে বিড়লা সিএমআরআই হাসপাতালের পক্ষ থেকে সোমব্রত রায় জানিয়েছেন, স্কুলে কোনও পড়ুয়া পড়ে গিয়ে হাত বা পায়ে চোট পেলে প্রথমেই আক্রান্ত অঙ্গটিকে যথাসম্ভব স্থির রাখতে হবে। ভাঙা হাড় সোজা করা কিংবা টেনে আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা চলবে না। বরং কাপড় অথবা উপযুক্ত স্প্লিন্ট ব্যবহার করে আক্রান্ত অংশের নড়াচড়া বন্ধ রাখতে হবে। আবার কোনও পড়ুয়ার শরীরে কেটে গিয়ে ক্ষত তৈরি হলে পরিষ্কার ড্রেসিং দিয়ে সেই জায়গা ঢেকে দিতে হবে। প্রশিক্ষণের সময় শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের প্রাথমিক চিকিৎসার পদ্ধতিই শেখানো হবে।
বর্তমানে রাজ্যজুড়ে প্রায় ৮৩ হাজার সরকারি ও সরকার পোষিত স্কুল রয়েছে। এত বিপুল সংখ্যক বিদ্যালয়ে এই কর্মসূচি কার্যকর করতে প্রয়োজনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থারও সহযোগিতা নেওয়া হবে। প্রতিটি স্কুলে সরবরাহ করা হবে ফার্স্ট এইড কিট। কোন কোন শিক্ষক-শিক্ষিকাকে প্রশিক্ষণের আওতায় আনা হবে, সেই তালিকা তৈরি করে দেবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই তৈরি হচ্ছে বিশেষ পাঠ্যক্রম। পাশাপাশি ‘আরোগ্য চেতনা’র নিজস্ব ওয়েবসাইট তৈরির কাজও চলছে। সেখানে প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় টিচিং মডিউল আপলোড করা হবে। ফলে আগ্রহী শিক্ষক-শিক্ষিকারা ওয়েবসাইটে ঢুকেও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় শিখতে পারবেন।
শুধু সাধারণ প্রাথমিক চিকিৎসাই নয়, প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষকদের বেসিক লাইফ সাপোর্টের পাঠও দেওয়া হবে হাতে-কলমে। হঠাৎ কোনও পড়ুয়ার হৃদযন্ত্রের কার্যকারিতা বন্ধ হয়ে গেলে কীভাবে বুকে চাপ দিয়ে রক্ত সঞ্চালন বজায় রাখতে হয়, তা শেখানো হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়ার পদ্ধতিও রপ্ত করবেন শিক্ষক-শিক্ষিকারা। ফলে স্কুলে কোনও পড়ুয়া অসুস্থ হয়ে পড়লে কিংবা দুর্ঘটনার শিকার হলে দ্রুত পদক্ষেপ করার ক্ষেত্রে আরও প্রস্তুত থাকবেন শিক্ষকরা।







