বৃহস্পতিবার মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। কম্পন অনুভূত হয়েছে পড়শি রাজ্য সিকিম ও অসমের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপাল এবং চিনেও। হঠাৎ কম্পনে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। কম্পনের কেন্দ্রস্থল ছিল পশ্চিম সিকিমের গ্যালশিং অঞ্চল। খুব অল্প সময়ের জন্য এই কম্পন অনুভূত হলেও গভীর রাতে হওয়ায় আতঙ্ক আরও বেড়ে যায়।
শেষ পাওয়া খবর অনুযায়ী, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং জেলা ছাড়াও সিকিম ও অসমের একাধিক এলাকায় কম্পন টের পাওয়া যায়। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, চলতি সপ্তাহের মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার এবং রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬। ওই কম্পনের প্রভাব বাংলাদেশ ও ইন্দোনেশিয়াতেও অনুভূত হয়।
তার কয়েক দিনের মধ্যেই ফের রাজ্যে ভূকম্পন অনুভূত হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দপ্তর।







