বেহালার সরশুনা এলাকার এক অভিজাত আবাসনে ফাঁকা ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার হল এক ‘টেক-স্যাভি’ যুবক। চারতলার তালাবন্ধ ফ্ল্যাট থেকে প্রায় দেড় কোটি টাকার সোনার গয়না ও নগদ টাকা চুরির অভিযোগে ধৃত হর্ষবর্ধন শ (১৯)। অভিযুক্ত একই আবাসনেরই বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ জানুয়ারি ঘটনাটি ঘটে। অভিযোগকারী পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফ্ল্যাটের পিছনের দিকের লোহার গ্রিল কেটে ভিতরে ঢোকে চোর। গ্রিল ও আলমারি এমন নিখুঁতভাবে কাটা হয়েছিল যে তদন্তকারীদের প্রাথমিক অনুমান ছিল—এটি কোনও দক্ষ পেশাদারের কাজ। ঘটনাস্থল থেকে স্পষ্ট হয়, চোর ফ্ল্যাটের ভিতরের পরিস্থিতি ও মূল্যবান সামগ্রীর অবস্থান সম্পর্কে আগেই অবগত ছিল।
তদন্তের দায়িত্ব নেয় গোয়েন্দা বিভাগের অ্যান্টি-বার্গলারি শাখা। আবাসন চত্বর ও সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত করা হয়। ধৃত হর্ষবর্ধন শ একই আবাসনের একতলায় থাকত বলে জানা গিয়েছে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ইন্টারনেটে সার্চ করে বিভিন্ন ধরনের ইলেকট্রিক করাতের বৈশিষ্ট্য যাচাই করেছিল এবং এমন যন্ত্র বেছে নেয়, যাতে দ্রুত ও মসৃণভাবে লোহার গ্রিল কাটা যায়। শুধু তাই নয়, চুরি করা টাকা গোনার জন্য অনলাইনে একটি টাকা গোনার মেশিনও কিনেছিল সে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেছে। চুরি যাওয়া সমস্ত সোনার গয়না এবং নগদ টাকার সিংহভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।







