আবহাওয়া

ফেব্রুয়ারিতেই ফিরছে শীতের চমক! রাত-ভোরে কাঁপুনি, পারদ নামার ইঙ্গীত

ফেব্রুয়ারি মানেই বসন্তের ইঙ্গিত—কিন্তু প্রকৃতি যেন এখনই ছাড় দিতে নারাজ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যজুড়ে ফের শীতের ছোঁয়া। সকাল আর রাতের ঠান্ডায় ইতিমধ্যেই শীতের আমেজ টের পাচ্ছেন সাধারণ মানুষ।

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। আপাতত আকাশে মেঘের আনাগোনা থাকলেও, সেই মেঘ কেটে গেলেই ঠান্ডার দাপট আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া নিয়ে পূর্বাভাসে জানানো হয়েছে, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৮ ডিগ্রি পর্যন্ত। উল্লেখ্য, গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ১৭ ডিগ্রি।

জেলাগুলির চিত্র আরও চমকপ্রদ। বিশেষ করে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানের মতো এলাকায় রাতের তাপমাত্রা আগামী দিনে নেমে যেতে পারে ১০–১১ ডিগ্রি সেলসিয়াসে। সন্ধ্যা গড়ালেই ঠান্ডার কামড় টের পাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে স্বস্তির খবর—এই শীতের সঙ্গে বৃষ্টির ভোগান্তি নেই। আবহাওয়া দফতর স্পষ্ট জানাচ্ছে, আপাতত আগামী কয়েকদিন রাজ্যজুড়ে আবহাওয়া শুষ্কই থাকবে।

বসন্তের অপেক্ষায় থাকলেও, ফেব্রুয়ারির শুরুতে তাই গরম জামাকাপড় এখনও পুরোপুরি তুলে রাখার সময় আসেনি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.