বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে সোমবার রাতেই রক্তাক্ত খুনের ঘটনা। গুলিবিদ্ধ হয়ে নিহত তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ কনভেনার সেকেন্দার খাঁ ওরফে সায়ন খাঁ। পুলিশ সূত্রে খবর, রাত ন’টা নাগাদ পখন্না বাজার থেকে বাইকে চড়ে একা বাড়ি ফিরছিলেন তিনি। চকাই গ্রামে ঢোকার মুখে সেচ খালের পাড়ে পিছন থেকে পরপর গুলি চালায় দু’জন দুষ্কৃতী। মাথা ও পিঠে গুলি লাগায় বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের অভিযোগ, বিজেপি ও বিরোধী শিবিরের হাত রয়েছে এই খুনে। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দের জেরেই এই হত্যাকাণ্ড। উল্লেখ্য, প্রায় এক বছর ধরে উত্তাল এই এলাকা। চলতি বছরের ২ মার্চ তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি চলার ঘটনাও ঘটেছিল, যাতে একজন আহত হন। ছয় মাস না যেতেই ফের গুলিতে ঝরল তৃণমূল নেতার প্রাণ।
ঘটনার পর গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।







