বিয়ের জল্পনা নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বারবার প্রশ্ন উঠলেও সরাসরি কোনও উত্তর দেননি তিনি। অবশেষে প্রকাশ্যে এল বিয়ের খবর। বৃহস্পতিবার সন্ধ্যায় বাগ্দানের পাশাপাশি আইনি বিয়েও সেরে ফেললেন মিমি ও তাঁর স্বামী সিদ্ধার্থ দত্ত। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে নবদম্পতির মুখ আড়ালেই রেখেছেন অভিনেত্রী।
দক্ষিণ কলকাতায় ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও পরিজনদের উপস্থিতিতে বসেছিল এই বিশেষ অনুষ্ঠানের আসর। মিমির পরনে ছিল সোনালি রঙের পোশাক। অন্যদিকে, সিদ্ধার্থ সেজেছিলেন সাদা পাজামা-পাঞ্জাবিতে। বিয়ের আয়োজনেও ছিল বাঙালি খাবারের এলাহি বন্দোবস্ত। মেনুতে ছিল ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ছানার কোফতা, রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম, ফ্রায়েড রাইস, মুরগির মাংস ও খাসির মাংস। মিষ্টির তালিকায় ছিল রসগোল্লা ও সন্দেশ। শেষে আইসক্রিম এবং পান।
এদিকে, মিমির নতুন জীবনের খবর সামনে আসতেই মুখ খুলেছেন সিদ্ধার্থের বৌদি ত্রমিলা ভট্টাচার্য। তাঁর কথায়, সিদ্ধার্থ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং পরিবারের অন্য সদস্যরাও জাহাজের পেশার সঙ্গে যুক্ত। মিমিকে কাছ থেকে চিনে তাঁর বেশ ভালো লেগেছে বলেও জানিয়েছেন ত্রমিলা। তাঁর মতে, দু’জনকে একসঙ্গে দারুণ মানিয়েছে।
উল্লেখ্য, সিদ্ধার্থ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার আইনি বিয়ে হলেও তাঁদের আনুষ্ঠানিক বিয়ের আয়োজন রয়েছে আগামী ৫ ডিসেম্বর। পাহাড়ে বসবে সেই বিয়ের আসর। এখন অভিনেত্রীর নতুন জীবনের আনুষ্ঠানিক উদযাপনের অপেক্ষায় অনুরাগীরা।







