কেন্দ্রীয় ‘বঞ্চনা’কে প্রকাশ্যে রেখে চব্বিশের নির্বাচনের প্রস্তুতিতে চলতি মাসেই ময়দানে নামতে প্রস্তুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ নভেম্বর দলের সমস্ত স্তরের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সভায় সেই দ্বিতীয় দফার কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা তাঁর।
উল্লেখ্য, বাংলার ৪২টি লোকসভা কেন্দ্রকেই পাখির নজরে দেখছে জোড়াফুল শিবির। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই এবার ঢালাও কর্মসূচি নেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। এই কর্মসূচির মধ্যে দিয়ে কর্মীদের বার্তা দেওয়া এবং উজ্জীবিত করার কাজ করা হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে অক্টোবরের প্রায় প্রথমে দিল্লিতে কর্মসূচি থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে পায়ের চোটের কারণে দিল্লি ও পরে কলকাতায় রাজভবনের সামনে তৃণমূল যে ধর্না কর্মসূচি নিয়েছিল, সেক্ষেত্রে উপস্থিত থাকতে পারেননি তিনি। তবে সেই জোড়া কর্মসূচি শেষে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নভেম্বরে কর্মসূচির দ্বিতীয় দফায় মমতা থাকবেন।







