বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে লাগাতার অভিযান চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বুলডোজ়ার চালিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হচ্ছে। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র নেতৃত্বাধীন ডবল ইঞ্জিন সরকার কেন্দ্রের কড়া নীতিকেই অনুসরণ করছে বলে রাজনৈতিক মহলের মত। এবার বেআইনি নির্মাণ ইস্যুতে আরও কঠোর অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah।
সীমান্ত সফরে শাহ
দেশের সীমান্ত সুরক্ষা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র। এর আগেই ‘স্মার্ট বর্ডার’-এর পরিকল্পনার কথা জানিয়েছিলেন অমিত শাহ। এবার সীমান্তবর্তী এলাকাগুলি সরেজমিনে খতিয়ে দেখতে সফর শুরু করেছেন তিনি। মোট চারটি রাজ্যের সীমান্ত এলাকা পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। আগামী ১৫ জুন পশ্চিমবঙ্গে আসার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তার আগে মঙ্গলবার রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চল ঘুরে দেখেন তিনি এবং পরে উচ্চপর্যায়ের বৈঠক করেন।
ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী Bhajan Lal Sharma, রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা এবং বিকানের, জয়সলমের, বারমের, শ্রী গঙ্গানগর ও ফালোদির জেলাশাসক ও পুলিশ সুপাররা। বৈঠকের পরই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান শাহ।
বেআইনি নির্মাণে ‘জিরো টলারেন্স’
অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সেগুলি ভেঙে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি সীমান্ত জেলার জন্য ৩৬০ ডিগ্রি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সীমান্ত নিরাপত্তায় আরও কড়া নজর
অনুপ্রবেশ, মাদক পাচার, বেআইনি দখল এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রুখতে বিএসএফ, এনসিবি এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে জেলা প্রশাসনের দায়িত্বও বাড়ানো হয়েছে। ব্যাঙ্ক লেনদেনে আর্থিক নিয়ম মানা হচ্ছে কি না, বড় ব্যবসায়িক সংস্থার কার্যকলাপ, অর্থের উৎস, মিউল অ্যাকাউন্ট ও শেল কোম্পানির উপর নজরদারি, ভুয়ো আধার শনাক্তকরণ এবং পাচার রোধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।







