শহরের আকাশ সকাল থেকেই কখনও মেঘলা আবার কখনও রৌদ্র । অনেকেই পুজোর আগে বেরিয়ে পড়েছিলেন শপিং কিংবা কাজের উদ্দেশ্যে, কিন্তু আচমকা ঝমঝমিয়ে বৃষ্টিতে আটকে পড়তে হয়েছে অনেককে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এমন আবহাওয়া বজায় থাকতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কারণ, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে শুরু হতে চলেছে টানা বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, এই নিম্নচাপের সরাসরি প্রভাব ওড়িশায় পড়লেও, দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা উত্তাল করে তুলবে সমুদ্রকে। ফলে, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম— এই জেলাগুলিতে জারি হয়েছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
২ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টির এই ধারা চলবে বলে জানানো হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। একইসঙ্গে পূর্ব, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে নতুন করে হলুদ সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গও বাদ যাচ্ছে না। আজ থেকে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ও শনিবারও চলবে বৃষ্টি।







