নতুন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট, ২০২৫ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জারি করল গুরুত্বপূর্ণ নির্দেশিকা। হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান—এই ছয় ধর্মীয় সম্প্রদায়ের যারা ৩১ ডিসেম্বর, ২০২৪-এর মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের আর বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি প্রদর্শন করতে হবে না। এমনকি যাঁদের কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁরাও এই নিয়মের আওতায় এসে দেশে থাকতে পারবেন। যদিও এ ক্ষেত্রে নাগরিকত্বের সরাসরি নিশ্চয়তা দেওয়া হয়নি, তবুও এটি দীর্ঘদিনের উদ্বেগ থেকে মুক্তি দেবে হাজার হাজার শরণার্থীকে, বিশেষত পাকিস্তান থেকে আসা হিন্দুদের।
এর আগে ২০১৯ সালে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) অনুযায়ী, কেবলমাত্র ৩১ ডিসেম্বর, ২০১৪ বা তার আগে ভারতে প্রবেশ করা মানুষজনই নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেতেন। ফলে ২০১৪-র পর যারা ভারতে এসেছিলেন, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। নতুন নির্দেশিকা কার্যকর হওয়ার পর সেই জট অনেকটাই কেটে গেল। স্বরাষ্ট্র মন্ত্রকের স্পষ্ট বক্তব্য, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা মানুষদের মানবিক দিক থেকে সুরক্ষা দেওয়াই এই সিদ্ধান্তের উদ্দেশ্য। ফলে সীমান্ত পেরিয়ে আসা সংখ্যালঘুদের জন্য এই নির্দেশ কেবল স্বস্তিই নয়, তাঁদের বেঁচে থাকার লড়াইয়েও বড় ভরসা হয়ে উঠবে।







