রাজনীতি

যাদবপুরে নিজেদের ঘাঁটি শক্ত করতে রাজন্যা হালদারের উপরেই ভরসা রাখলেন শাসকদল!

নিজস্ব সংবাদদাতা : রাজন্যা হালদার, এখন বঙ্গ রাজনীতির নতুন মুখ । একুশের মঞ্চে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ঝাঁঝালো বক্তৃতায় সেদিন সবার মন জয় করে নিয়েছিলেন তৃণমূল নেত্রী রাজন্যা। যাদবপুরকাণ্ডে যখন তোলপাড় গোটা রাজ্য ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ। গুঞ্জন অনেক দিন ধরেই ছিল। এবার তার বাস্তব রূপ পেতে চলেছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

সূত্রের খবর,তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শুক্রবার রাতে বৈঠকে বসে তৃণমূল ছাত্র পরিষদ। এই বৈঠকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনায় TMCP-র সহ-সভাপতি রাজন্যা হালদারকে। আর ইউনিটের পর্যবেক্ষক সঞ্জীব প্রামাণিককে করা হল চেয়ারপার্সন।

বরাবর ‘বাম দূর্গ’ বলে পরিচিত যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে নিজেদের জমি শক্ত করতে চাইছে শাসক দল তা স্বভাবতই স্পষ্ট। ছাত্রমৃত্যুর ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাজন্যা। বামেদের দিকে নিশানা রেখে তিনি বলেছিলেন, “এই বাম অতিবামদের চিনে নিন। বর্জন করুন ওদের। ওরা খুনি। ওরা আমার এক ভাইকে খুন করেছে। সেটা ঢাকা দেওয়ার জন্য ওরা তত্‍পর। আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এলে আমাদের অত্যাচার করেছে। আমাদের খুন করার চেষ্টা করেছে। আমাদের মেরেছে। ওরা প্রোগ্রেসিভ বলে নিজেদের! এটা ওদের প্রগতিশীলতা?”

২০১৭ সালে সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন রাজন্যা।বর্তমানে প্রেসিডেন্সি থেকে স্নাতক করে পিএইচডি করছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল ছাত্র যুব সংগঠনের সহ-সভাপতিও তিনি । এছাড়াও রাজন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি জয়ী ব্যান্ডের অন্যতম একজন সদস্যা।

উল্লেখ্য, যাদবপুরের পড়ুয়া মৃত্যুর পর সোচ্চার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। যাদবপুরের ক্যাম্পাসে ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। রাজন্যার উপরেও হামলার অভিযোগ উঠেছিল। সেই নিয়ে থানায় অভিযোগও করেছে টিএমসি। তাই এবার যাদবপুরের তথাকথিত ‘বাম দুর্গ’কে আটকাতেই রাজন্যা হালদারের উপরেই ভরসা রাখলেন তৃণাঙ্কুররা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.