রাজনীতি

দিল্লিতে সুকান্তের বাসভবনে পশ্চিমবঙ্গ বিজেপির রুদ্ধদ্বার বৈঠক

পশ্চিমবঙ্গ বিজেপির সাংসদদের ভূমিকা ও দায়িত্ব নির্ধারণে সক্রিয় হলেন দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাসভবনে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির সংসদ সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। প্রায় দু’ঘণ্টার এই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি সাংসদদের নিজ নিজ এলাকায় সংগঠনের অবস্থা ও কাজকর্মের বিস্তারিত হিসাব নেন নিতিন।

বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত বিজেপির ১২ জন সাংসদ এবং রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য ও মনোনীত সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ সামাজিক অনুষ্ঠানের কারণে দিল্লিতে থাকতে না পারায় বৈঠকে যোগ দেননি। তবে তিনি বুধবার থেকে সংসদের অধিবেশনে যোগ দেবেন বলে জানিয়েছেন।
এছাড়াও পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব ও অমিত মালবীয় বৈঠকে উপস্থিত ছিলেন। বিহার বিধানসভার বাজেট অধিবেশনে ব্যস্ত থাকায় মঙ্গল পাণ্ডে বৈঠকে যোগ দিতে পারেননি।

দলীয় সূত্রের খবর, বৈঠকের সিংহভাগ সময়ই ব্যয় হয়েছে সাংসদদের পারফরম্যান্স মূল্যায়নে। কোন সাংসদ নিজের এলাকায় কী ধরনের কর্মসূচি করছেন, জনসংযোগের মাত্রা কতটা, সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচি এবং আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে—এই সমস্ত বিষয়ে প্রত্যেকের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন নিতিন। পাশাপাশি সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা আসনগুলিতে বিজেপির সাংগঠনিক শক্তি, রাজনৈতিক সমীকরণ ও প্রতিদ্বন্দ্বিতার অবস্থাও খতিয়ে দেখা হয়।

সূত্রের দাবি, এই মূল্যায়নের ভিত্তিতেই আসন্ন নির্বাচনে সাংসদদের কাঙ্ক্ষিত ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশ দেন বিজেপি সভাপতি। ভোটের প্রস্তুতি, প্রচার কৌশল এবং জনসংযোগ আরও কী ভাবে বাড়ানো যায়—তা নিয়েও প্রাথমিক রূপরেখা তুলে ধরা হয় বৈঠকে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই পশ্চিমবঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন নিতিন নবীন। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই দুর্গাপুর ও রানিগঞ্জে কর্মিসভা করে রাজ্যে তাঁর প্রথম সফর সম্পন্ন করেন। তার পর সংসদের অধিবেশন চলাকালীন দিল্লিতে সকল সাংসদের উপস্থিতির সুযোগ কাজে লাগিয়েই ফের পশ্চিমবঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠক সারলেন তিনি।

দলীয় নেতৃত্বের মতে, নির্বাচনের আগে পশ্চিমবঙ্গকে ঘিরে বিজেপির সাংগঠনিক প্রস্তুতিতে যে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, এই বৈঠক তারই স্পষ্ট ইঙ্গিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.