নিজস্ব সংবাদদাতা: গতকাল দায়িত্ব পেয়েই, তৎপর হয়ে উঠেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপচার্য বুদ্ধদেব সাউ। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস দ্বারা নির্বাচিত হয়েছেন তিনি। দায়িত্বে আসার একদিন পরেই অর্থাৎ সোমবার,তিনি বিশ্ববিদ্যালয়ে র্যাগিং-বিরোধী কমিটির বৈঠক ডাকলেন।
সোমবার দুপুর ২টো থেকে বৈঠক শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের বিভাগীয় প্রধানদের বৈঠকে উপস্থিত থাকার কথা বলেছেন , বুদ্ধদেব সাউ। বৈঠকের আলোচনার লক্ষ্য হলো র্যাগিং সংক্রান্ত বিষয়ে সমস্ত প্রধানদের সাথে কথা বলা। কী ভাবে র্যাগিং বন্ধ করা যায়, র্যাগিংয়ের বিরুদ্ধে কী কী কড়া পদক্ষেপ করা যায়, হস্টেলে র্যাগিংয়ের রেওয়াজে ইতি টানতে কী কী করণীয়- সব কিছুই এই বৈঠকে আলোচিত হবে।
গত ৯ই আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় এর মেন হোস্টেলের তিনতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়, প্রথম বর্ষের বাংলা বিভাগের ছাত্রের। এই বিষয়ে বেশ কিছু সিনিয়রদের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ উঠে। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং বর্তমান ছাত্র মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।







