নিজস্ব সংবাদদাতা : গাঢ় বিতর্কের পর ২০ জুনের বদলে পয়লা বৈশাখের দিনটাকেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এই দিনেই প্রতি বছর ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালন করার সিদ্ধান্ত নেন রাজ্য সরকারের কমিটি। বিগত কয়েকদিন ধরে এই নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। কোন দিনটিকে ‘ পশ্চিমবঙ্গ দিবস ‘হিসেবে পালন করা হবে তা ঠিক করার জন্য সোমবার রাজ্য বিধানসভায় বৈঠকে বসেছিল কমিটি।
রাজ্যপাল সিভি আনন্দ বোস ২০ জুন দিনটিকে ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালনের পরামর্শ দেন। কিন্তু রাজ্য এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন। কারণ এই দিনের সাথে জড়িত আছে বাংলার কালো ইতিহাস। ১৯৪৭ সালে ঠিক এই দিনটিতেই ভোটাভুটির মাধ্যমে বাংলা ভাগের বিষয়টি স্থির হয়েছিল। এর পরেই ভাগ হয়ে গিয়েছিল বাংলা। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল বাংলার মানুষ। তাই এই দিনে ‘পশ্চিমবঙ্গ দিবস ‘ এর মত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পালিত হলে বঙ্গবাসীর মনে এই কুখ্যাত স্মৃতি নাড়াচাড়া দিয়ে উঠতে পারে বলে মনে করেছেন অনেকে। তাই ২০ তারিখ এই দিনটি পালিত হলে পুরনো এই ইতিহাস জনগণের মনে ঘুরপাক খেতে থাকবে বলে দাবি একাংশের।
‘পশ্চিমবঙ্গ দিবস’কবে পালিত হবে সেই নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন সেই সময় রাজ্যের তরফে গঠিত হয় কমিটি। বিশিষ্ট ইতিহাসবিদ সুগত বসু ছিলেন এই কমিটির পরামর্শদাতা । ২০ জুন দিনটি বদলে যে অন্য দিন ঠিক করা হবে টা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। তবে বহু বিতর্কের পর পয়লা বৈশাখের দিন টাকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে সিলমোহর দিল কমিটি। আগামী দিনে এই বিষয়ে বিধানসভায় বিল আনা হবে বলে জানা গেছে সূত্র মারফত।






