বিনোদন

মায়ের পুরনো গানে নাচে মাতল ছোট্ট মালতী! মেয়ের কাণ্ড দেখে আবেগে ভাসলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক: ব্যস্ত অভিনয় জীবন, আন্তর্জাতিক সাফল্য এবং হলিউড-বলিউডে সমান জনপ্রিয়তার মাঝেও পরিবারই প্রিয়াঙ্কা চোপড়ার সবচেয়ে বড় শক্তি। আর সেই পারিবারিক মুহূর্তেরই এক ঝলক এবার সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী, যা মুহূর্তের মধ্যে মন জিতে নিয়েছে অনুরাগীদের।

বর্তমানে স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরিকে নিয়ে হায়দ্রাবাদে রয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর ভারত সফরকে ঘিরে জোর জল্পনা, এসএস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’-র শুটিংয়ের জন্যই কি দেশে ফিরেছেন তিনি? যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

তবে শুটিংয়ের জল্পনার থেকেও বেশি নজর কেড়েছে ছোট্ট মালতীর একটি মিষ্টি ভিডিও। ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা একটি ক্লিপ শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, টেলিভিশনের পর্দায় চলা তাঁরই অভিনীত ‘গুন্ডে’ ছবির জনপ্রিয় গান ‘তুনে মারি এন্ট্রিয়া’-র সঙ্গে দারুণ উৎসাহে কোমর দোলাচ্ছে মালতী। মেয়ের এই খুনসুটে মুহূর্ত দেখে আবেগঘন ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, “কে ভেবেছিল…”।

এতেই শেষ নয়। আরও একটি ছবিতে দেখা যায়, নানি মধু চোপড়ার হাত ধরে হাঁটছে মালতী। পরিবারের এই আন্তরিক মুহূর্তও অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।

ভিডিও প্রকাশ্যে আসতেই মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। কেউ লিখেছেন, “এটা সত্যিই গর্বের মুহূর্ত।” আবার কারও মন্তব্য, “মালতী তো একেবারে মায়ের গানের ভক্ত।” অনেকেই ছোট্ট মালতীর সরলতা ও প্রাণবন্ত নাচের প্রশংসা করেছেন। কেউ আবার প্রিয়াঙ্কার কাছে অনুরোধ জানিয়েছেন, মেয়েকে নিজের সিনেমা দেখানোর আরও ভিডিও শেয়ার করার জন্য।

কাজের ক্ষেত্রেও এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ‘দ্য ব্লাফ’ ছবির জন্য সম্মাননা পেয়েছেন তিনি। আগামী দিনে তাঁকে এসএস রাজামৌলির বহুল আলোচিত ছবি ‘বারাণসী’-তে মহেশ বাবুর বিপরীতে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, এই ছবিতে তিনি মন্দাকিনী চরিত্রে অভিনয় করবেন। ছবিটি মুক্তি পেলে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় তাঁর বড় প্রত্যাবর্তনের সাক্ষী হতে পারেন দর্শকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.