নিজস্ব সংবাদদাতা : এবার বিদেশমন্ত্রক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন এবং দুবাই সফরে ছাড়পত্র দিল। মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়ার’ বৈঠকের জন্য, বৃহস্পতিবার এবং শুক্রবার মুম্বাইতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বুধবার রাত্রে প্রয়োজনীয় সম্মতি পেয়েছে নবান্ন। সফরসূচি অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১২ ই সেপ্টেম্বর স্পেনের উদ্দেশ্যে রওনা হবেন। তারপর সেখান থেকে যাবেন দুবাই। তারপর সেখান থেকে আগামী ২৩ শে সেপ্টেম্বর কলকাতাতে ফেরার কথা মুখ্যমন্ত্রীর।
মুখ্যমন্ত্রীর সফরসূচিতে স্পেনের রাজধানী শহর মাদ্রিদ ও বার্সেলোনা রয়েছে। বার্সেলোনা বলতে অনেকেই বোঝে ‘মেসির শহর’। ফলে বাঙালির সাথে ফুটবলের একটি আত্মিক যোগ রয়েছে। মাদ্রিদের দু’টি ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো ডি’মাদ্রিদ বিশ্ববিশ্রুত। ফলে বাংলার ফুটবলমহলও মমতার স্পেন সফর নিয়ে আগ্রহী।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি আনার লক্ষ্যেই এই বিদেশ সফরে যাচ্ছেন মমতা। তাঁর সঙ্গে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদলও যাবে বলে জানা গিয়েছে।এর আগেও মুখ্যমন্ত্রী সিঙ্গাপুর এবং লন্ডনে এই ধরনের সফর করেছেন। তবে কিছুদিন আগের চীন ও শিকাগো সফরের ক্ষেত্রে কেন্দ্র মুখ্যমন্ত্রীকে কোনরকম সম্মতি জানাননি। যার ফলে এবারও সেই একই সম্মতি না পাওয়ার ভয় ছিল। তবে এমন কোন কিছুই হয়নি।
মুখ্যমন্ত্রী হিসাবে কেউ বিদেশে গেলে সংশ্লিষ্ট রাজ্যকে বিদেশমন্ত্রকের অনুমতি নিতে হয়। বিদেশমন্ত্রকই ঠিক করে সেই সফরের ‘যৌক্তিকতা’ রয়েছে কিনা। ব্যক্তিগত ভাবে কোনও মুখ্যমন্ত্রী বিদেশে যেতে চাইলে অবশ্য বিদেশমন্ত্রকের অনুমতি বা ছাড়পত্রের দরকার হয় না। কারণ, সেক্ষেত্রে কোনও ‘প্রোটোকল’ থাকে না। কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে যদি কেউ সরকারি বা আনুষ্ঠানিক ভাবে বিদেশ সফরে যান, তা হলে তিনি যান ‘ভারতের প্রতিনিধি’ হিসেবেই।







