বর্তমানে একের পর এক বড়ো বাজেটের সিনেমার শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত রণবীর কাপুর। ‘রামায়ণ’-এর মতো মেগা প্রজেক্টের কাজ রয়েছে তাঁর হাতে। এর মধ্যেই আরও একটি বড়ো চমক দিল যশরাজ ফিল্মস। বহু প্রতীক্ষিত ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে এবার দেখা যাবে রণবীর কাপুরকে। বলিউড সূত্রে খবর, ‘ধুম ৪’-এর চিত্রনাট্য তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। প্রযোজক আদিত্য চোপড়া এবং লেখক শ্রীধর রাঘবন গত কয়েক মাস ধরেই একসঙ্গে কাজ করছেন স্ক্রিপ্ট নিয়ে। সূত্রের দাবি, চিত্রনাট্য তৈরির সময় রণবীরের ব্যক্তিত্ব এবং অভিনয়ধারা মাথায় রেখেই এগোচ্ছে গল্পের নির্মাণ।
বিশ্বমানের ভিজ্যুয়াল এফেক্ট, ঝাঁচকচকে অ্যাকশন এবং থ্রিলারধর্মী কাহিনির সমন্বয়ে তৈরি হচ্ছে এই ছবি। জানা যাচ্ছে, ছবিটি পরিচালনার জন্য আদিত্য চোপড়া প্রস্তাব দিয়েছেন অয়ন মুখোপাধ্যায়কেই। ‘ব্রহ্মাস্ত্র’-এর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন রণবীর ও অয়ন, এমন সম্ভাবনাই জোরালো হচ্ছে। বলিউড মহলে কানাঘুষো, ইতিমধ্যেই অয়নের কাছে পৌঁছেছে পরিচালনার প্রস্তাব। সব কিছু ঠিকঠাক চললে ২০২৬ সালের এপ্রিল মাস থেকে শুরু হবে ‘ধুম ৪’-এর শ্যুটিং।
তবে এত চমকের মাঝে একটি দুঃসংবাদও রয়েছে রোমাঞ্চপ্রেমী দর্শকদের জন্য। এবার ‘ধুম’ ছবিতে আর দেখা যাবে না অভিষেক বচ্চনকে। সেইসঙ্গে উদয় চোপড়াও অভিনয় থেকে আগেই সরে দাঁড়িয়েছেন। ফলে পুলিশের ভূমিকায় নতুন মুখ আনছে যশরাজ। সূত্রের খবর, নবীন প্রজন্মের দুই জনপ্রিয় অভিনেতার সঙ্গে কথাবার্তা চলছে ইতিমধ্যেই। প্রসঙ্গত, ২০০৪ সালে শুরু হয়েছিল ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা। প্রথম সিনেমায় জন আব্রাহাম, দ্বিতীয়তে হৃতিক রোশন এবং তৃতীয় পর্বে আমির খান খলনায়কের চরিত্রে নজর কাড়েন। এবার সেই ঐতিহ্য বজায় রেখে চতুর্থ কিস্তিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। ‘ধুম ৪’ নিয়ে উত্তেজনা তুঙ্গে, আর রণবীর-অয়ন জুটি কি আবারও বক্স অফিসে বাজিমাত করতে পারবে? উত্তর দেবে সময়ই।







