রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হওয়া সমস্ত এফআইআর-এ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ মামলা করতে চলেছে আইনজীবী আবু সোহেল। শুভেন্দুকে রক্ষাকবচ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন তিনি। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ আবু সোহেলকে মামলা করার অনুমতি দান করেন।
মামলাকারীর দাবি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে এফআইআরগুলোতে আদালত স্থগিতাদেশ দিয়েছে, তার একটাতে তিনি নিজে পক্ষ। তাঁর কোনও বক্তব্য না শুনেই একতরফাভাবে এফআইআর-এ স্থগিতাদেশ দিয়েছে কোর্ট। ফলে শুভেন্দুকে দেওয়া রক্ষাকবচ প্রত্যাহারের আবেদন জানাচ্ছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, তাঁর বিরুদ্ধে হয়ে চলা একের পর এক এফআইআর-এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আদালতের কাছে আর্জি করেন, হয় এফআইআরগুলো খারিজ করে দেওয়া হোক, নাহয় অভিযোগের তদন্ত করুক সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি রাজশেখর মান্থার পর্যবেক্ষণ ছিল, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। তিনি মানুষের ভোটে নির্বাচিত। পুলিস হয় নিজে আর নাহলে অন্য কারও প্ররোচনায় জনগণের প্রতি শুভেন্দুর কর্ত্যবকে স্থগিত করার প্রয়াসে ব্যস্ত।







