পূর্ব মেদিনীপুরের কাঁথি এক নম্বর ব্লকে আবারও প্রমাণ হল সংগঠন থাকলেই অসম্ভবকে সম্ভব করা যায়। কাঁথি লোকসভা, বিধানসভা এবং পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকা সত্ত্বেও একের পর এক সমবায় সমিতির দখল নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবারে হুগলি সমবায় সমিতির ৯টি সিটের সবক’টিতেই জয়ী হল তৃণমূল প্রার্থী। এই জয়ের মূল কারিগর কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তথা INTTUC-র রাজ্য সম্পাদক মাননীয় আমিন সোহেল।
জয়ের এই পর্বে গোটা এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উচ্ছ্বাস ও উৎসবের আবহ। এলাকাবাসীর চোখে আমিন সোহেল আজ একমাত্র সেই নেতা, যিনি মাঠে থেকে লড়াই করেন, সংগঠন তৈরি করেন এবং দলকে জেতান। এদিন ভোটের সময় অঞ্চল সভাপতি প্রভুরাম দাস, তৃণমূল নেতৃত্ব বিশ্বজিৎ পাল, নিতাই ঘোড়াই, রতন সাউ, সৌম্য সুন্দর গিরি ও ফাল্গুনী শাসমলের মতো নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
জয়ের পর আমিন সোহেল বলেন, “ভোট কেমন করে সুশৃঙ্খলভাবে করাতে হয়, তা আমি দেখিয়ে দিয়েছি। মানুষকে একবার ভুল বোঝানো যায়, কিন্তু বারবার নয়। আজকের এই ফল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের জয়। মানুষ আজ উন্নয়নের সঙ্গেই রয়েছেন।”
এই জয় আরও একবার প্রমাণ করল, সংগঠনের মাটিতে পা রাখা নেতা থাকলে কোনও ঘাঁটিই অপরাজেয় নয়।







