ডুয়ার্স: আসন্ন “ডুয়ার্স সিনেমা অ্যাওয়ার্ড ২০২৫” ঘিরে ছড়াল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দাবি করা হয়েছে, প্রখ্যাত অভিনেতা ও দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত মিঠুন চক্রবর্তী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে ভিডিওটি ঘিরে এখন প্রশ্নের মুখে পড়েছে অনুষ্ঠানটির আয়োজক সংস্থা, কারণ ভিডিওটি যে AI (Artificial Intelligence) প্রযুক্তির মাধ্যমে তৈরি—সেই তথ্য কোথাও উল্লেখ করা হয়নি।
আয়োজক অর্জিত লোহারা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন যে ভিডিওটি একটি AI জেনারেটেড কনটেন্ট। তবে প্রচারে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যাতে অনেকেই ধরে নিচ্ছেন ভিডিওতে দেখা ব্যক্তি বাস্তবেই মিঠুন চক্রবর্তী, যিনি অনুষ্ঠানে আসছেন।
বিশেষত ডুয়ার্সের গ্রামীণ অঞ্চলে এই ভিডিওকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সাধারণ মানুষ বিশ্বাস করে নিচ্ছেন যে তাঁদের প্রিয় অভিনেতা স্বশরীরে অনুষ্ঠানে হাজির থাকবেন। অথচ মিঠুন চক্রবর্তী বা তাঁর টিমের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এই পরিস্থিতিকে “ভুল তথ্য ছড়িয়ে জনমানসে প্রতারণা” বলে অভিযোগ তুলেছেন সাদরি চলচ্চিত্র জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তি।
পরিচালক বন্টি মন্ডল, অভিনেতা গোপাল সাহা এবং অভিনেত্রী অর্পিতা দাস প্রকাশ্যে ক্ষোভ জানিয়ে বলেছেন,
“একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতার ভাবমূর্তিকে এমনভাবে ভাঙিয়ে ব্যবহার করা অত্যন্ত নিন্দনীয়। AI হোক বা অন্য কিছু, মানুষের আবেগ নিয়ে খেললে তা প্রতারণার শামিল।”
বিশেষজ্ঞদের মতে, AI প্রযুক্তির যথাযথ ব্যবহার যেমন আশার আলো দেখাচ্ছে, তেমনি এর অপব্যবহার জনসচেতনতার অভাবে বিপজ্জনক হয়ে উঠছে। এই ঘটনা সেই আশঙ্কাকেই সামনে এনে দিল।
এখন দেখার, মিঠুন চক্রবর্তীর তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসে কি না এবং প্রশাসন বা ডিজিটাল নিরাপত্তা সংস্থাগুলি এই ঘটনার তদন্তে নামেন কিনা।







