সারাবিশ্বের বিভিন্ন দেশের আনাচে-কানাচে প্রচুর মন্দির রয়েছে। এর মধ্যে ভারতবর্ষেই মন্দিরের সংখ্যা সবচেয়ে বেশি। কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। এইসব মন্দিরগুলিতে আজো এমন অলৌকিক ঘটনা ঘটে , যা ব্যাখ্যা করা প্রায় কঠিন হয়ে দাড়ায়। ঠিক তেমনই একটি ধর্মস্থান হলো অন্ধ্রপ্রদেশের যগন্তী উমা মহেশ্বর মন্দির। এই মন্দিরে পাথরের নন্দী মূর্তি নাকি প্রতিদিনই একটু একটু করে বেড়েই চলেছে। চলুন জেনে নিই সেই রহস্য।
অন্ধ্রপ্রদেশের এই মন্দিরটি মূলত একটি শিব মন্দির। প্রতি বছর হাজার হাজার ভক্ত এই মন্দিরে আসেন সৌন্দর্য এবং সেই ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন নন্দীর দর্শন করতে। স্থানীয়দের মতে,পঞ্চাশ বছর আগে নন্দীর যে আয়তন ছিল, বর্তমান সময়ে তার চেয়ে এখন অনেকটাই বড় নন্দী। ভক্তদের বিশ্বাস, কোনও দৈবিক ক্ষমতার জেরে এমনটা সম্ভব।
ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষকেরা নন্দীর মূর্তিটি পরীক্ষা করে জানিয়েছেন, “যে পাথর খোদাই করে নন্দীর মূর্তিটি বানানো হয়েছে, সেই পাথরটি স্বভাবজাত ভাবেই আয়তনে বাড়ে। গত কুড়ি বছরে মূর্তিটি আকারে এক ইঞ্চি বৃদ্ধি পেয়েছে। এতে কোনো অলৌকিক কারণ নেই। তবে জনৈক এক ঋষির মতে, এই কলি যুগেই নাকি মূর্তিটি জীবন্ত হয়ে উঠবে।







