শহরের প্রেক্ষাপটে এক গভীর মানবিক গল্প নিয়ে বড়ো পর্দায় আসতে চলেছে পরিচালক রাজা ঘোষের নতুন ছবি ‘চাবিওয়ালা’। এই ছবি প্রতিটি মানুষের অন্তরের খোঁজ, স্বপ্ন ও প্রিয়জনের কাছে পৌঁছানোর অদেখা চাবির অনুসন্ধানকে কেন্দ্র করে নির্মিত। ছবির মূল চরিত্রে রয়েছেন ভবেন ও নগেন, দুই গ্রামের ছেলে যারা জীবনের দুঃসময়ে কাজ হারিয়ে শহরে এসে পৌঁছায়। ভবেনের আশা, শহরে আসলে সে তার পুরনো প্রেমিকাকে খুঁজে পাবে, খুলতে পারবে তার মনের বন্ধ দরজা। কিন্তু শহরে এসে তারা দেখে, প্রত্যেকেই কোনো না কোনো ‘চাবি’র খোঁজে ছুটে চলছে, কেউ স্বপ্নের দরজা খুলতে, কেউ প্রিয় মানুষকে ছুঁতে।
এই ছবির মাধ্যমে প্রথমবার বড়ো পর্দায় জুটি বেঁধেছেন অভিনেতা কৌশিক কর ও অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহাগ সেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়, ও শঙ্কর দেবনাথ। ছবিটির ট্রেলার ইতিমধ্যেই ২৬ মে সোমবার মুক্তি পেয়েছে এবং দর্শকমহলে আগ্রহের সঞ্চার করেছে। প্রসঙ্গত, ‘চাবিওয়ালা’ ৩০টিরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। তবে নানা প্রতিবন্ধকতার কারণে এতদিন ছবিটি মুক্তি পায়নি। অবশেষে ধাগা প্রোডাকশনস-এর উদ্যোগে, অভিনেত্রী-পরিচালিকা মানসী সিনহা ও শতদীপ সাহা-র সহায়তায় ছবিটি মুক্তির আলো দেখতে চলেছে।
এর আগে ধাগা প্রোডাকশনস বহু অনিশ্চয়তার মধ্যে থাকা ভালো মানের ছবিকে প্রচারের মুখে এনে প্রশংসা কুড়িয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা শুভঙ্কর মিত্র জানিয়েছেন,”আমাদের বিশ্বাস, ‘চাবিওয়ালা’ ও দর্শকদের হৃদয়ে স্থান করে নেবে।” সবকিছু ঠিক থাকলে, ৬ই জুন, পিপারপট পিক্সেল, হোয়াইট আউল এন্টারটেনমেন্ট-এর প্রযোজনায় ও ধাগা প্রোডাকশনের সহ-প্রযোজনায় ‘চাবিওয়ালা’ মুক্তি পেতে চলেছে দেশের প্রেক্ষাগৃহে।







