জেলারাজনীতি

বীরভূমে ফের কেষ্ট-ছাপ! অনুব্রতর হাতে গড়া জেলা কমিটিতেই শিলমোহর রাজ্যের

বীরভূমে ফের একবার অনুব্রত মণ্ডলের প্রভাব স্পষ্ট। রবিবার রাজ্য তৃণমূলের তরফে প্রকাশিত বীরভূম জেলা ও শহর কমিটির তালিকায় অনুব্রত অনুগামীদেরই আধিপত্য। ব্লক স্তরে বড়সড় পরিবর্তন না হলেও শহরাঞ্চলে একাধিক পদে রদবদল, নতুন মুখের আবির্ভাব।

জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল বলেন, “আজ কলকাতা থেকে খুব সুন্দর তালিকা পাঠানো হয়েছে। যা ছিল তাই রাখা হয়েছে, দলের পক্ষে এটা ভালো হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাঁরাই যা করবেন তাই হবে।”

২০২১ সালের বিধানসভা নির্বাচনে অনুব্রতের নেতৃত্বে ১১টির মধ্যে ১০টি আসন দখল করেছিল তৃণমূল, যদিও শহরাঞ্চলে কিছু কেন্দ্রে এগিয়ে ছিল বিজেপি। একই চিত্র দেখা গিয়েছিল ২০২৪ লোকসভাতেও—দুটি আসন জিতলেও শহরে এগিয়ে ছিল বিরোধীরা। তাই এদিনের নতুন কমিটিতে শহরাঞ্চলে ব্যাপক রদবদল করা হয়েছে।

রামপুরহাট শহরে সভাপতি বদল—সৈয়দ সিরাজ জিম্মির জায়গায় এলেন শতাব্দী রায় ঘনিষ্ঠ অর্ণব গঙ্গোপাধ্যায়। সহ সভাপতি হয়েছেন কাউন্সিলর প্রিয়নাথ সাউ ও অনিন্দ্য কুমার সাহা। সিউড়িতে সহ-সভাপতি রমারঞ্জন চট্টোপাধ্যায়, বোলপুর শহরে সভাপতি পদে নতুন মুখ সুব্রত হাজরা ওরফে ডালিম, যুব সভাপতি সৌরভ চক্রবর্তী। দুবরাজপুর শহরে নতুন যুব সহ-সভাপতি শেখ আনোয়ার, মহিলা সভানেত্রী রীনি দত্ত।

ব্লক স্তরে তেমন পরিবর্তন না হলেও ময়ূরেশ্বর ২ নম্বরে সভাপতি প্রমোদ রায়ের সঙ্গে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সামসুল আলম মল্লিককে। দুজনেই অনুব্রত অনুগামী হিসেবে পরিচিত। সংখ্যালঘু ভোটব্যাঙ্কের ভারসাম্য রাখতে সামসুলকে দায়িত্বে আনা হয়েছে বলে দলের সূত্রের খবর।

তবে সিউড়ি ২ নম্বর ব্লক নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা। ইস্তফা দিয়েও সভাপতি পদে বহাল নুরুল ইসলাম। অনুব্রত ঘনিষ্ঠ অশ্বিনী মণ্ডলকে কোনও পদে না রাখায় ক্ষোভ ছড়িয়েছে অনুগামীদের মধ্যে। নুরুলের অভিযোগ, “শেষ আট মাস ধরে ইচ্ছাকৃতভাবে সমস্যা তৈরি করা হয়েছে। বোলপুর থেকেই কলকাঠি নাড়া হয়েছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল এবার বীরভূমে “ভারসাম্যের রাজনীতি” করছে। কেষ্ট ঘনিষ্ঠদের দাপট বজায় থাকলেও শহরাঞ্চলে কিছু নতুন মুখ এনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দল।

এদিকে জেলা কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সৈয়দ সিরাজ জিম্মি, সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন হোসেন, সম্পাদক সুশান্ত মুখোপাধ্যায়। যুব সহ-সভাপতি ওয়াসিম আলি ওরফে ভিক্টর, সাধারণ সম্পাদক প্রিয়ম ভাণ্ডারী ও সম্পাদক এমদাদুল হোসেন।

রাজ্য নেতৃত্বের বার্তা স্পষ্ট—“বীরভূমে পুরনো সৈনিকরাই দলের ভিত্তি, কিন্তু শহরাঞ্চলে চাই নতুন গতি।”
ফলে রাজনীতির মহলে প্রশ্ন উঠছে, এই ভারসাম্য রক্ষা নীতি কি সত্যিই কেষ্ট-পরবর্তী বীরভূমে শান্তি আনবে, নাকি নতুন করে শুরু হবে প্রভাবের লড়াই?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.