ধর্মতলা থেকে সরে যাচ্ছে বাস স্ট্যান্ড? পরিবেশকর্মী সুভাষ দত্তের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে উঠে আসে এমনই এক প্রশ্ন। আদালত পূর্বের শুনানির দিন জানায়, ধর্মতলায় ভিক্টোরিয়ার মতো সৌধগুলিতে বাঁচানোর প্রয়োজন রয়েছে। উক্ত প্রসঙ্গে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য সমস্ত পক্ষকে নির্দেশ দিয়েছিল আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বাস, মিনিবাস, দূরপাল্লার বাস মালিকদের সংগঠনের সদস্যদের নিয়ে বৈঠক হয়। কসবায় পরিবহণ দফতরের আধিকারিকরা সংশ্লিষ্ট বৈঠক করেন। বৈঠকের শেষে বাস মালিকরা জানান, ধর্মতলার বিকল্প কী হতে পারে সেই বিষয়ে বিভিন্ন রুটকে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে, ধর্মতলায় বাস না দাঁড়িয়ে একবার শুধু পাক দিয়ে তা আবার গন্তব্যের দিকে ফিরে যাওয়া নিয়েও আলোচনা চলেছিল।
ধর্মতলায় ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলছে। এবং প্রত্যেকদিনই ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন বহু বাস ছাড়ে। এদিকে শহরের মাঝখানে বাসস্ট্যান্ড অবস্থিত হওয়ার কারণে যানজট তৈরি হওয়ার বহু মানুষকে সমস্যায় পড়তে হয়। এই নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুভাষ দত্ত।







