দিনের আলোয় চুরির ঘটনায় আলোড়ন শহর বর্ধমানে। দিনের আলোয় সাংবাদিকের বাড়ির জানালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় আলোড়ন ছড়িয়ে পড়েছে শহর বর্ধমানে। বর্ধমান শহরের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব নতুনপল্লীর আদিকালি বাড়ি এলাকার ঘটনা। শনিবার বর্ধমান শহরের বিশিষ্ট সাংবাদিক বৈদ্যনাথ কোনারের বাড়িতে এমন চুরির ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। জানা গেছে, বাড়ির পিছনের দিকে জাল দেওয়া লোহার জানালা ভেঙে ঘরে ঢুকে আলমারি থেকে সমস্ত কিছু নামিয়ে তছনচ করেছে দুষ্কৃতিরা। বাড়িতে বৈদ্যনাথ কোনার ও তাঁর স্ত্রী দুজনে থাকতেন। শনিবার বৈদ্যনাথ বাবুর স্ত্রী বর্ধমানের বাইরে ছিলেন বলে জানা গেছে। অপরদিকে সাংবাদিক বৈদ্যনাথ কোনার তিনিও কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন।
শনিবার দুপুর নাগাদ বাড়িতে পৌঁছালে দেখেন ঘরের ভিতর সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আলমারির লকার ভাঙা অবস্থায়। বৈদনাথ বাবু জানান, আলমারির লকার ভেঙে ৮ থেকে ৯ ভরি ব্যবহার যোগ্য সোনার গয়না এবং নগদ দুই থেকে আড়াই হাজার টাকাও নিয়ে গেছে দুষ্কৃতীরা। তিনি বলেন, সন্ধ্যে হলেই মদ মাতাল দুষ্কৃতিদের আড্ডা হয় আমার বাড়ির পাশে অন্ধকার জায়গাটিতে। আমি থানাতেও জানিয়েছি এবং এলাকার কাউন্সিলারকেও জানানো হয়েছে বিষয়টি। শনিবার চুরির ঘটনায় উদ্বিগ্ন সাংবাদিকরা।
ঘটনার বিস্তারিত জানিয়ে বর্ধমান থানায় খবর দেওয়া হলে, বর্ধমান থানার পুলিশ বৈদ্যনাথ বাবুর বাড়িতে পৌঁছে সব কিছু খতিয়ে দেখেন। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে বর্ধমান থানার পুলিশের তরফে ।







