কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের এবার ‘দিল্লি চলো’। ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে সাক্ষাৎ করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার দরুন সময় চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দেয় তৃণমূলের সংসদীয় দল।
প্রধানত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ‘দিল্লি চলো’ কর্মসূচির ঘোষণা করেছিলেন। রাজ্যের বকেয়া টাকা আদায়ের দরুন পূর্বেই দিল্লি যাওয়ার কথা জানিয়েছিলেন অভিষেক। রাজ্যের প্রায় ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা বকেয়া আছে বলে দাবি করেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ছিল, ‘আমরা দিল্লির সরকারের কাছে মাথা নত করব না। জনগণকে নিয়ে গিয়ে আন্দোলন সংগঠিত করব। এই আন্দোলন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব।’
গত ৩০ এবং ৩১ আগস্টের চিঠির কথা উল্লেখ করে ডেরেক ও’ব্রায়েন লিখেছিলেন, ‘পশ্চিমবঙ্গের মনরেগা (১০০ দিনের কাজের প্রকল্প)-র কর্মীরা আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির বিভিন্ন এলাকায় ধর্না কর্মসূচি করবেন। সেই উপলক্ষে রামলীলা ময়দানে প্রায় ৫০ হাজার মানুষের জন্য থাকার ব্যবস্থা করতে চায় তৃণমূল।’ উক্ত বন্দোবস্ত করতে দিল্লি পুলিসের কাছে অনুমতি চেয়েছে রাজ্য শাসকদল।







