বর্ষার মরশুমে ফের সক্রিয় হলো বঙ্গোপসাগর। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত মঙ্গলবার নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে সোমবার রাত থেকে। বজ্রবিদ্যুতের সঙ্গে চলছে দফায় দফায় বর্ষণ।
এক মরশুমে নতুন রেকর্ড
এবারের বর্ষায় ৪৩ দিনের মধ্যে এটি ১৩তম নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, এক মরশুমে এত নিম্নচাপের ঘটনা এ রাজ্যে আগে কখনও ঘটেনি। ফলে নতুন রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ।
উত্তাল সমুদ্র, জেলেদের জন্য কড়া নির্দেশ
নিম্নচাপের জেরে সমুদ্র অশান্ত হয়ে উঠেছে। হাওয়া অফিস সতর্ক করেছে, ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল এলাকায়। তাই নিরাপত্তার স্বার্থে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতায় সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, বুধবার সারাদিনও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে ,সঙ্গে ঝোড়ো হাওয়া ।
বৃহস্পতিবার থেকে কমবে বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপ বৃহস্পতিবারের মধ্যে পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি ধীরে ধীরে কমতে শুরু করবে।
উত্তরবঙ্গেও প্রভাব
যদিও দক্ষিণবঙ্গের মতো তীব্র বৃষ্টি উত্তরবঙ্গে হবে না, তবুও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।







