আবহাওয়া

অবশেষে বর্ষা বিদায়ের পথে! শুষ্ক আবহাওয়ার দখলে রাজ্য, ফিরছে শীতের আভাস

কলকাতা: অবশেষে রাজ্যবাসী মুক্তি পাচ্ছে টানা বৃষ্টির হাত থেকে। সেই কবে থেকে শুরু হওয়া ধারাবাহিক বর্ষণ ও আর্দ্রতার যন্ত্রণা এবার ধীরে ধীরে বিদায় নিতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে বর্ষা বিদায়ের প্রক্রিয়া। আগামী দু’ থেকে তিন দিনের মধ্যেই রাজ্য থেকে সম্পূর্ণ বিদায় নেবে বর্ষা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে বর্ষা রেখা অবস্থান করছে রক্সৌল থেকে জব্বলপুর পর্যন্ত। এরপর ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় নেবে। দক্ষিণবঙ্গে মঙ্গলবারের মধ্যে শুষ্ক আবহাওয়া দখল নিতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বুধবারের মধ্যে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা।

তবে সাগরে এখনও ঘূর্ণাবর্ত সক্রিয়। অন্ধ্রপ্রদেশ ও কেরালা উপকূলে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের উপরেও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তবে এগুলির সরাসরি প্রভাব বাংলার উপর কতটা পড়বে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আজ, রবিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে অনেকটাই কমে যাবে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় স্থানীয়ভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান ও নদিয়ায় সামান্য বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে।

কলকাতায় আপাতত পরিষ্কার বা আংশিক মেঘলা আকাশ। উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৯৫ শতাংশ — ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থেকে যাবে।

অন্যদিকে উত্তরবঙ্গে রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে।

সব মিলিয়ে রাজ্যজুড়ে বর্ষা বিদায়ের সুর, আর তার সঙ্গেই ধীরে ধীরে নামছে শীতের হাওয়া — শুরু হচ্ছে মনোরম শুষ্ক মরশুমের অধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.