লোকসভা নির্বাচনের আর বাকি মাত্র ১৯ দিন। তার পূর্বেই ফের মাস্টারস্ট্রোক কেন্দ্রের। এদিন এক লাফে ৩০ টাকা কমল গ্যাসের মূল্য। প্রতি সিলিন্ডারের দাম কমেছে ৩০.৫০ টাকা। এপ্রিল মাসের প্রথম দিন থেকেই কার্যকর হল বাণিজ্যিক সিলিন্ডারের নয়া মূল্য।
কলকাতায় প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩২ টাকা কমেছে। ফলত, পয়লা এপ্রিল থেকে ১৮৭৯ টাকায় মিলবে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। দিল্লিতে কমেছে ৩০.৫০ টাকা। মুম্বইতে ৩১.৫০ এবং চেন্নাইয়ে ৩০.৫০ টাকা কমেছে সিলিন্ডারের দাম। ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার-সহ ৫ কেজির এফটিএল সিলিন্ডারেরও দাম হ্রাস পেয়েছে। ৭.৫০ টাকা কমেছে প্রতিটি সিলিন্ডারের দাম।
প্রসঙ্গত উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবসে রান্নার গ্যাসের দাম কমিয়েছিল কেন্দ্র। ৪ মার্চ সিলিন্ডার প্রতি ১০০ টাকা করে দাম কমানো হয়। মহিলাদের জীবনধারাকে সহজ করে তুলতে উক্ত উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী।







