‘অবাক হয়ে যাচ্ছি। ওঁর অ্যাকাউন্ট নেই?’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টের হদিস না পাওয়ায় হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় ইডিকে। এবার তারই প্রেক্ষিতে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিষয়টি নিয়ে আরও তদন্ত হওয়া উচিত বলেও জানান তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর লিপস অ্যান্ড বাউন্ডসের কর্তাদের সম্পত্তির যে তালিকা আদালতে পেশ করে ইডি গতকাল তা পড়ে শোনান বিচারপতি অমৃতা সিনহা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মাত্র ৩টি জীবনবিমা রয়েছে বলে জানান তিনি। তারপরই ইডিকে বিচারপতি প্রশ্ন করেন, ১৮৮/এ হরিশ মুখার্জি রোড এই সম্পত্তির মালিক কে? এবং কার নামে এই সম্পত্তি নথিভুক্ত? এক্ষেত্রে কী তথ্যাদি বর্তমান? ইডি আধিকারিক বলেন, তাঁদের কাছে তথ্য রয়েছে। তবে কার নামে এই সম্পত্তি নথিভুক্ত রয়েছে তা আদালতে বলতে পারেননি তিনি।
দিলীপ ঘোষ জানান, আদালত ঠিক পর্যবেক্ষণ করেছে। এত কোটি টাকার বাড়িতে থাকেন, সেই বাড়ির মালিক আদেও কে? দিলীপের উবাচ, ‘ওই এলাকায় বহু বাড়ি শুনেছি ওনাদের পরিবারের নামে কেনা রয়েছে। কার নামে কেনা রয়েছে? এটার আলাদা একটা তদন্ত হওয়া উচিত।’







