রাজনীতি

তৃণমূলের প্রতীক ও দলের নিয়ন্ত্রণ নিয়ে বড় পদক্ষেপ, মমতা-ঋতব্রত—উভয় শিবিরকে নোটিস নির্বাচন কমিশনের

কলকাতা: তৃণমূল কংগ্রেসের প্রতীক, দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং ‘আসল’ তৃণমূল কারা—এই প্রশ্নে তৈরি হওয়া রাজনৈতিক ও আইনি জটিলতার মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই শিবিরকেই নোটিস পাঠিয়েছে কমিশন। আগামী ৬ জুলাই বিকেল সাড়ে ৫টার মধ্যে উভয় পক্ষকে লিখিতভাবে নিজেদের অবস্থান ও দাবি জানাতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রের খবর, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক সাংগঠনিক নির্বাচন এবং দলের অনুমোদিত স্বাক্ষরকারী (Authorised Signatories) কারা হবেন, তা নিয়ে দুই পক্ষই কমিশনের কাছে পৃথক দাবি জমা দিয়েছে। এদিন দিল্লির নির্বাচন সদনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দল নিজেদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে ধরে নতুন কমিটি গঠনের নথিও কমিশনের হাতে জমা দেয়। পাল্টা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির ওই দাবির বৈধতা নিয়ে প্রশ্ন তোলে।

এই পরিস্থিতিতে কমিশন ই-মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে, দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ, প্রশাসনিক ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনুমোদিত স্বাক্ষরকারীর অধিকার কার হাতে থাকবে, তা নির্ধারণের স্বার্থেই উভয় পক্ষের মতামত চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত নথি, যুক্তি এবং পাল্টা বক্তব্য খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচন কমিশনের ই-মেইল তাঁরা পেয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের বক্তব্য জমা দেবেন। অন্যদিকে, কালীঘাট শিবিরের সৌগত রায়, সাগরিকা ঘোষ ও ডেরেক ও’ব্রায়ান জানিয়েছেন, তাঁদের কাছে এখনও এমন কোনও নোটিস পৌঁছায়নি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের প্রতীক ও সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে এই লড়াই এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে ৬ জুলাইয়ের শুনানি ও তার পরবর্তী নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। কমিশনের রায়ই শেষ পর্যন্ত নির্ধারণ করতে পারে, কোন পক্ষ ভবিষ্যতে তৃণমূল কংগ্রেসের নাম, প্রতীক এবং সাংগঠনিক অধিকার ব্যবহারের বৈধ স্বীকৃতি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.