রাজনীতিরাজ্য

লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে নাকি চালু থাকবে ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

রাজ্যের রাজনৈতিক পালাবদল হয়েছে । তাহলে কি হবে , তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডারের ? ভোটের ফল ঘোষণার পর থেকেই , এই প্রশ্ন তুলছিলেন অনেকেই । এই আবহে , সোমবার, নতুন মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক করেন শুভেন্দু অধিকারী । আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বড় বার্তা , আগের সরকারগুলির চালু করা সব সামাজিক প্রকল্পই চালু থাকবে তবে এবার সেই কাজ হবে স্বচ্ছতার সঙ্গে ।

২১ এর নির্বাচনের পূর্বে , লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছিল তৃণমূল সরকার। ছাব্বিশের নির্বাচনের আগে এই প্রকল্পে ভাতা বাড়িয়ে করা হয় ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের জন্য ১৭০০ টাকা । আবার ২৬ এর ভোটের আগে নিজেদের সংকল্প পত্রে জানিয়েছিল, ক্ষমতায় এলে বিজেপি সরকার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে ৩০০০ টাকা দেবে।

ভোটের ফল প্রকাশের পর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রীও শপথ গ্রহণ করেন। একই দিনে নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট ৬টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগের সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলি নিয়ে কোনও সিদ্ধান্ত ওই বৈঠকে গৃহীত হয়নি।

এদিন শুভেন্দু অধিকারী কোনও সামাজিক প্রকল্পের নাম না নিয়ে বলেন, “১০ বছর কিংবা ৩০ বছর আগের সরকারের নেওয়া যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে, সেগুলো আমরা বন্ধ করছি না। কিন্তু, স্বচ্ছতার সঙ্গে হবে।” তবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেই পরিমার্জিত করে অন্নপূর্ণা ভান্ডার করা হবে কিনা , সেবিষয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.