চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলের পর ইন্ডিয়ার বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ফের মোদী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণও করতে দেখা গেল তাকে।
অভিষেকের কথায়, “এবারের ভোটে দেশের মানুষ বিজেপির দর্পচূর্ণ করে দিয়েছে। জনতাই কিং মেকার। আগামীদিনে জনতাই ঠিক করবে দেশ কোন পথে চলবে।”
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই, বিষয়টি স্পষ্ট বিজেপি আর একক সংখ্যাগরিষ্ঠভাবে সরকার চালাতে পারবে না।পাশাপাশি নির্ভরশীল হয়ে থাকতে হবে শরিকদলগুলির ওপর।
এরপরই ইন্ডিয়ার নেতারা ময়দানে নেমে পড়েছেন নতুন উদ্যমে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছিলেন, বিরোধীরা শক্তিশালী হওয়ায় এবার সংসদে যা খুশি তাই করতে পারবে না মোদী সরকার।
সম্প্রতি বুধবার বিকালে দিল্লিতে বৈঠকে বসেছেন শাসক এনডিএ এবং বিরোধী ইন্ডয়া জোটের নেতারা নিজেদের নিজেদের কৌশল ঠিক করতে। তাই ইন্ডিয়ার ওই বৈঠকে যোগ দিতেই এদিন দুপুরে বিমান বন্দরে আসেন তৃণমূল নেতা।
বিজেপি নেতাদের কটাক্ষ করে অভিষেক বলেন, “বিজেপি নেতারা ভবিষ্যৎবাণী করতে থাকুন। ২১ এর ভোটে ২০০ পারের কথা বলেছিলেন। বাংলার মানুষ তৃণমূলকে সেটা করে দিয়েছিল। এবারে লোকসভায় বাংলা থেকে ৩০টি আসনের ঘোষণা করেছিল। তৃণমূলকে ২২ থেকে ২৯ এ পৌঁছে দিয়েছে মানুষ। ওরা তৃণমূলকে যত গালাগালি করবে, যত অত্যাচার নামিয়ে আসবে মানুষ ততই তৃণমূলকে শক্তিশালী করবে।”
ইন্ডিয়ার বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে অভিষেক বলেন, “নেত্রীর নির্দেশে বৈঠকে যাচ্ছি। সকলের সঙ্গে দেখা হবে, আলোচনা হবে। দেশকে বাঁচাতে ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করতে হবে।”
মঙ্গলবার ফল প্রকাশের পর সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়ার অন্যান্য দলের নেতাদের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন তিনি।পাশাপাশি ইঙ্গিতে নেত্রী স্পষ্ট বুঝিয়েছিলেন, জোটের অন্দরে কংগ্রেস দাদাগিরি করতে চাইলে বরদাস্ত করা হবে না।







