মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করল ইডি। নিয়োগ দুর্নীতির মামলায় এটা তাঁকে ইডির তরফ থেকে তৃতীয় নোটিস। তবে এবার শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ই নন। ইডি সূত্রে দাবি, ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং লতা বন্দ্যোপাধ্যায়কেও।
অভিষেক স্বয়ং এক্স হ্যান্ডেলে এই খবর জানান। নিশানা করেন কেন্দ্রীয় সরকারকেও। তিনি লিখেছেন, ‘এবার বোঝা যাচ্ছে কারা আসলে ভয় পেয়েছে।’ আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে বকেয়া টাকার দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে অভিষেক যদি ইডির সমনের জেরে সিজিও কমপ্লেক্সে যান, তবে তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারবেন না।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর লিপস অ্যান্ড বাউন্ডসের কর্তাদের সম্পত্তির যে তালিকা আদালতে পেশ করে ইডি, তা পড়ে শুনিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মাত্র ৩টি জীবনবিমা রয়েছে বলে জানান তিনি। তারপরই ইডিকে বিচারপতি প্রশ্ন করেছিলেন, ১৮৮/এ হরিশ মুখার্জি রোড এই সম্পত্তির মালিক কে? এবং কার নামে এই সম্পত্তি নথিভুক্ত? এক্ষেত্রে কী তথ্যাদি বর্তমান? ইডি আধিকারিক বলেন, তাঁদের কাছে তথ্য রয়েছে। তবে কার নামে এই সম্পত্তি নথিভুক্ত রয়েছে তা আদালতে বলতে পারেননি তিনি। যা নিয়ে সরব হয় বিরোধীরাও। চড়ছে রাজনৈতিক পারদ।







