বিনোদন

ডিভোর্সের জল্পনায় ইতি? ঐশ্বর্যকে নিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক—‘সবটাই ভুয়ো, সম্পর্ক নিয়ে ভুল ব্যাখ্যা করা হয়েছে’

বচ্চন পরিবারের দাম্পত্য সমীকরণ নিয়ে চলা নানা কানাঘুষো ও গুঞ্জনের অবসান ঘটাতে অবশেষে মুখ খুললেন অভিষেক বচ্চন। গত দু’বছর ধরে বলিউড মহলে অভিষেক–ঐশ্বর্য দম্পতির মধ্যে বিচ্ছেদের আলোচনাই ছিল প্রধান আকর্ষণ। কখনও ননদ শ্বেতা ও শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি বনিবনা না হওয়া, কখনও আবার সম্পত্তি বিতর্ক—একাধিক অনুমানেই শোরগোল পড়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। দম্পতির নানা অনুষ্ঠানে পৃথক উপস্থিতি বা অভিষেকের এক বিচ্ছেদ-সংক্রান্ত পোস্টে লাইক করাতেও জল্পনার আগুন আরও বেড়ে যায়।

অবশেষে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে সবকিছু পরিষ্কার করলেন জুনিয়র বচ্চন। তাঁর কথায়, “তারকা হলে আপনার খুব ছোটখাটো বিষয়ও বড় করে দেখা হয়। আমাদের নিয়ে যা লেখা হয়েছে, তার কিছুই সত্যি নয়। ইচ্ছাকৃতভাবে আমাদের সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, “বিয়ের আগে যেমন নানা গল্প ছড়িয়েছিল, পরে দেখলাম বিচ্ছেদের তারিখও ওরাই ঠিক করে দিচ্ছে। সবটাই অর্থহীন। ঐশ্বর্য আমার সত্যিটা জানে, আমিও জানি ওঁরটা। আমরা যে পরিবারে বড় হয়েছি সেখানে সম্পর্কই প্রথম গুরুত্ব পায়।”

দম্পতির মেয়ে আরাধ্যার ওপর এসব গুঞ্জনের প্রভাব পড়ে কি না, সেই প্রশ্নে অভিষেক জানান, “আরাধ্য খুব ম্যাচিওর। ওর মা ওকে দুর্দান্তভাবে বড় করেছে। আমার মনে হয় না, এসব খবর ওকে বিচলিত করে। ওর বয়স সবে ১৪, হাতে ফোনও নেই।”

অভিষেকের স্পষ্ট বক্তব্যে অন্তত আপাতত ডিভোর্স জল্পনার অবসান। বলিউড মহলে মত—সময়ের সঙ্গে সঙ্গে চাপা পড়ে যাওয়া ভুল বোঝাবুঝির মতোই এই দম্পতির সম্পর্কও আরও শক্ত হয়ে উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.